রাজনীতি
সেনাবাহিনীর ভূমিকা এখন পর্যন্ত প্রশংসনীয়: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনের মাঠে এখন পর্যন্ত সেনাবাহিনীর পেশাদারিত্ব ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। সেনাবাহিনী যদি ভোটগ্রহণের শেষ মুহূর্ত পর্যন্ত বর্তমানের মতো দৃঢ় ও নিরপেক্ষ ভূমিকা পালন করে, তবে জাতি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার পাবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে আয়োজিত এক জরুরি ব্রিফিংকালে তিনি মন্তব্য করেন।
তিনি উল্লেখ করেন, দেশের মানুষ দীর্ঘ দেড় যুগ ধরে তাদের ভোটাধিকারসহ মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত ছিল। এই নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের হারানো অধিকার ফিরে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনী পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে জামায়াত আমির জানান, ঢাকা-১৫ আসনে সার্বিকভাবে ভোটগ্রহণ স্বাভাবিক থাকলেও মিরপুর মনিপুর উচ্চ বিদ্যালয় বালিকা শাখা কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেন যে, সেখানে হঠাৎ করে কিছু প্রতিদ্বন্দ্বী পক্ষের লোকজন সাধারণ ভোটারদের মনে ভয়ভীতি সঞ্চার করেছে এবং অনেককে শারীরিকভাবে নাজেহাল করা হয়েছে।
এ ছাড়া তিনি দেশের বিভিন্ন প্রান্তে বিএনপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, বিভিন্ন স্থানে প্রার্থীর গায়ে হাত দেওয়ার মতো ঘটনাও ঘটেছে, তবে সেনাবাহিনীর সময়োচিত হস্তক্ষেপে পরিস্থিতি পুনরায় নিয়ন্ত্রণে আসে।
ডা. শফিকুর রহমান সুনির্দিষ্টভাবে লাকসাম ও ভোলার লালমোহন এলাকার উদাহরণ টেনে বলেন যে, সেখানে বিএনপির দলীয় লোকজন নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি কোনো ধরনের জাল-জালিয়াতি বা অনিয়মের মাধ্যমে সরকার গঠিত হয়, তবে সেই সরকারের সাথে জনগণের কোনো আত্মিক সম্পর্ক বা বৈধতা থাকবে না।
জনগণের প্রকৃত রায় যাতে প্রতিফলিত হয়, সে জন্য তিনি প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। বিশেষ করে ঢাকার বাইরে যেখানে অনিয়মের খবর পাওয়া যাচ্ছে, সেখানে দ্রুত সেনাবাহিনী পাঠানোর দাবি জানান তিনি।
ব্রিফিংয়ের শেষ পর্যায়ে তিনি তার নিজ আসনসহ সারাদেশে জামায়াতের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দেন। তিনি মনে করেন, সাধারণ ভোটাররা যদি নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, তবে অপশক্তির পরাজয় নিশ্চিত।
সেনাবাহিনীর ওপর জনগণের অগাধ আস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই আস্থার মর্যাদা রক্ষা করে একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দেওয়া এখন সময়ের দাবি। তিনি আশা প্রকাশ করেন যে, দিন শেষে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ফলাফলের মাধ্যমে দেশের গণতান্ত্রিক যাত্রা নতুন মাত্রা পাবে।
এমএন
রাজনীতি
লক্ষ্মীপুর-৩ আসনে ১৭ কেন্দ্রে এগিয়ে বিএনপি প্রার্থী এ্যানি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে প্রাপ্ত আংশিক ফলাফল পাওয়া গেছে। প্রথম দিকের প্রাপ্ত আংশিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বেসরকারিভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ আসনের মোট ১৩০টি কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি মোট ২২ হাজার ৯০০ ভোট পেয়েছেন।
অন্যদিকে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১৬ হাজার ৫৪৫ ভোট। ফলে এই ১৭টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী এ্যানি ৬ হাজার ৩৫৫ ভোটে এগিয়ে রয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্র থেকে ধাপে ধাপে ফলাফল আসছে। সব কেন্দ্রের ফলাফল পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত এই ব্যবধান পরিবর্তিত হতে পারে।
এদিকে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎকণ্ঠা দেখা গেছে। বিভিন্ন এলাকায় সমর্থকরা অবস্থান নিয়ে ফলাফলের আপডেট জানতে অপেক্ষা করছেন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এমএন
রাজনীতি
ঢাকা-১৩: তিন কেন্দ্রের ফলাফলে এগিয়ে মামুনুল হক, পিছে ববি হাজাজ্জ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ৩টি কেন্দ্রের (মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর) আসনের ফলাফল পাওয়া গেছে। প্রথম ৩টি কেন্দ্রের প্রাপ্ত প্রাথমিক ফলাফলে ১২৩৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হক।
আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজাজ্জ পেয়েছেন ১১১৫ ভোট।
বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র ও প্রার্থীদের এজেন্টরা।
উল্লেখ্য, ঢাকা-১৩ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন ও নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৮ জন।
এমএন
রাজনীতি
সিলেট-৫ আসনে উবায়ডুল্লাহ ফারুক ৭৬ কেন্দ্রে এগিয়ে
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি সমর্থিত ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা উবায়ডুল্লাহ ফারুক কাসেমি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রাপ্ত ৭৬টি কেন্দ্রের ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৭ হাজার ৭২১ ভোটে এগিয়ে আছেন।
তারা জানান, এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫৮টি। এর মধ্যে ৭৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি সমর্থি প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ২৪৫ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৫২৪ ভোট।
এতে বিএনপি জোটের খেজুরগাছ প্রতীকের প্রার্থী ১৭৭২১ ভোটে এগিয়ে রয়েছেন।
রাজনীতি
বগুড়া-৬ আসনে এগিয়ে তারেক রহমান
বগুড়া-৬ (সদর) আসনের ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। এর মধ্য বগুড়া- ৬ (সদর) বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া- ৬ (সদর) আসনে মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে ১০টির ফলাফল পাওয়া গেছে।
ঘোষিত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে ১৬ হাজার ৭০৪ ভোট পেয়ে এগিয়ে আছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৯২০ ভোট।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসারগণ স্ব স্ব কেন্দ্রের ভোট গণণা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন।
রাজনীতি
ভোটারদের সর্বোচ্চ থাকার আহ্বান : নাহিদ ইসলাম
আগামী কয়েক ঘণ্টা ভোটারদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘জনগণের রায়ের মধ্য দিয়ে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেছেন।
ওই পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, ‘বাংলাদেশ আজ এক যুগ-সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণের রায়ের মধ্য দিয়ে শুক্রবার থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। এরই মধ্যে অনেকেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। যাদের এখনো ভোট দেওয়ার সুযোগ হয়নি, দ্রুত আপনার ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করুন।’
তিনি আরও লিখেছেন, ‘বাংলাদেশে নতুন সূর্যোদয়ের সাক্ষী হতে পরিবারের সব সদস্যকে নিয়ে দ্রুত ভোটকেন্দ্রে চলে আসুন। পছন্দের প্রার্থীকে ভোট দিন। ভোটাধিকার হরণের যে কোনো অপচেষ্টা রুখে দিন। আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন।’
এমএন



