রাজনীতি
বিএনপি ব্যতীত এই দেশ কেউ চালাতে পারবে না: নূর
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, দেশের বর্তমান বাস্তবতায় বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক শক্তির পক্ষে রাষ্ট্রকে স্থিতিশীলভাবে পরিচালনা করা সম্ভব নয়।
তিনি বলেন, জাতীয় সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল পথে ফিরিয়ে আনতে হলে আগামী দিনে বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে গলাচিপা বিএনপি কার্যালয়ে দলটির একাংশের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নুরুল হক নূরকে বিজয়ী করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নুরুল হক নূর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর আলোচনা চলছে। গণ অধিকার পরিষদের সঙ্গে আসন সমঝোতা হয়নি—এমন বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সময় এলেই সবকিছু স্পষ্ট হবে বলে তিনি উল্লেখ করেন। তারেক রহমানের নেতৃত্ব ও রাজনৈতিক প্রতিশ্রুতির প্রতি আস্থা প্রকাশ করে নূর বলেন, তার সঙ্গে যে সমঝোতা হয়েছে, তা এখনই প্রকাশ্যে আনার প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত গণ অধিকার পরিষদের সঙ্গে একটি আন্তরিক রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে।
ভবিষ্যতে নির্বাচিত সরকার দায়িত্ব নিলেও কিছু অরাজনৈতিক শক্তি দেশকে অস্থিতিশীল করতে নতুন আন্দোলন সৃষ্টির চেষ্টা করতে পারে-যা রাষ্ট্রের জন্য বড় ধরনের সংকট ডেকে আনতে পারে।
নুরুল হক নূর বলেন, সম্প্রতি তাদের আন্দোলনের এক সাহসী কর্মী ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সারা দেশে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই ঘটনার রেশ ধরে দেশের দুটি শীর্ষ সংবাদমাধ্যমের কার্যালয়ে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে। পরিস্থিতি আরও দীর্ঘ হলে রাষ্ট্র পরিচালনা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হতো বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, শুধু নির্বাচন হলেই সংকটের সমাধান হবে-এমনটি ভাবার সুযোগ নেই। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে যে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার করা হয়েছিল, তা আগামী পাঁচ বছরে একটি স্থিতিশীল সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।
এর মূল লক্ষ্য হবে দেশের উন্নয়ন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে একটি নিরাপদ ও বিনিয়োগবান্ধব রাষ্ট্র হিসেবে তুলে ধরা।
নুরুল হক নূর আরও বলেন, ব্যক্তিগত প্রাপ্তি বা দল কতটি আসন পেল-এসব বিষয় তাদের কাছে মুখ্য নয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষাই তাদের প্রধান অগ্রাধিকার। সে কারণেই কোনো ধরনের ভাগ-বাটোয়ারার প্রশ্ন নেই। বৃহত্তর জাতীয় স্বার্থে তারা সিদ্ধান্ত নিয়েছেন- আগামী দিনে বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার কবির। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নুরুল হক নূর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বিএনপি তাকে সমর্থন দিয়েছে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত-এটি সবাইকে মেনে নিতে হবে। মনোনয়ন নিয়ে কারো ব্যক্তিগত কষ্ট থাকতেই পারে, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক বা অশোভন মন্তব্য কোনোভাবেই কাম্য নয়।
এমকে
রাজনীতি
ঢাকা-৮: ১২ কেন্দ্রে মির্জা আব্বাসের লিড, নাসীরউদ্দীনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-৮ আসনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলিছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে ১২টি কেন্দ্রে দেখা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
প্রাথমিক হিসাবে দেখা গেছে, ১২টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ৭ হাজার ৪২৩ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি প্রতীকের নাসীরউদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৬ হাজার ৪৯৭ ভোট। সে হিসেবে ১২টি কেন্দ্রে ৯২৬ ভোটে এগিয়ে রয়েছেন মির্জা আব্বাস।
ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন।
এমএন
রাজনীতি
সুনামগঞ্জ-২: বড় ব্যবধানে হেরে বিএনপি প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে পিছিয়ে থেকেও রাজনৈতিক উদারতার অনন্য নজির স্থাপন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। নির্বাচনের প্রাথমিক ফলাফল আসার পর তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘অভিনন্দন জনাব নাসির উদ্দিন চৌধুরী। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’
এই আসনে ১০৯ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১০৫টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। এতে প্রায় ৫০ হাজার ভোটে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী এগিয়ে আছেন।
এমএস
রাজনীতি
মেহেরপুরের সব আসনেই এগিয়ে জামায়াত
মেহেরপুরের উভয় আসনে এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে মেহেরপুর-১ আসনে ১২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন জামায়াতের জেলা আমির মাওলানা তাজউদ্দিন খান। তিনি ভোট পেয়েছেন ৮১ হাজার ৭৭৮টি।
অপরদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ মনোনীত প্রার্থী মাসুদ অরুন পেয়েছেন ৬৬ হাজার ৩৭৬টি ভোট।
এদিকে, মেহেরপুর-২ আসনে ৯০টি কেন্দ্রের মধ্যে ৬৩টি কেন্দ্রের বেসরকারি ঘোষিত ফলাফলে এগিয়ে রয়েছেন জামায়াত ইসলামের প্রার্থী নাজমুল হুদা। তিনি ৬৯ হাজার ৭১৫টি ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আমজাদ হোসেন ভোট পেয়েছেন ৫৮ হাজার ৬৭৪টি।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন। এখন অপেক্ষা ফল প্রকাশের।
২০০৮ সালে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবার ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিন দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়।
এমএন
রাজনীতি
দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর বিশাল জয়: একাই পেলেন ১ লাখ ৭২ হাজার ভোট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে সংসদীয় নির্বাচনের ভোটগণনা চলছে। ইতোমধ্যে এ আসনের ১১৬টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। এর মধ্যে এক লাখ ৭২ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাপলা কলির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এ ছাড়া ট্রাক প্রতীকের জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল পাওয়া যায়।
এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
এমএন
রাজনীতি
শরীয়তপুর-৩: ৪৭ কেন্দ্রের ফলে বড় ব্যবধানে এগিয়ে নুরুদ্দিন অপু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে নির্বাচর্নী ফলাফলে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এই আসনে ১১৭টি কেন্দ্রের ৪৭টি কেন্দ্রের প্রাপ্ত প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (ধানের শীষ) পেয়েছেন ৩৫ হাজার ৪৮৬ ভোট। অপরদিকে মুহাম্মদ আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২৬ হাজার ৫১৫ ভোট।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে মহিলা ভোটারদের উপস্থিতি বেশ থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এমএন



