অর্থনীতি
বেড়েছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা। যা আজ রবিবার (২ নভেম্বর) থেকে কার্যকর হবে। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা।
শনিবার (১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী—
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা, সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
অর্থনীতি
অবৈধ মজুতদারির বিরুদ্ধে অভিযান, উদ্ধার ২ লক্ষাধিক লিটার জ্বালানি তেল
সারাদেশে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার করেছে সরকার। এখন পর্যন্ত ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।
সোমবার (৩০ মার্চ) বিকেলে সচিবালয়ে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মনির হোসেন বলেন, জনগণের মধ্যে এখনও অতিরিক্ত জ্বালানি তেল কেনার প্রবণতা দেখা যাচ্ছে। অনেকেই বাড়তি তেল কিনে বাসাবাড়িতে মজুত করছেন। এখন পর্যন্ত সারা দেশ থেকে অবৈধভাবে মজুত করা ২ লাখ আট হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
দেশে জ্বালানি তেলের ব্যাপক মজুতদারি চলছে জানিয়ে মনির হোসেন আরও বলেন, চাহিদার অনুপাতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। অথচ জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।
ইন্দোনেশিয়া থেকে আরও দুই কার্গো জ্বালানি তেল বাংলাদেশে আসবে জানিয়ে তিনি বলেন, এছাড়া রাশিয়া থেকে পরিশোধিত ৬ লাখ টন জ্বালানি তেল আনতে সাংশন ওয়েভার দিতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে সরকার। ঈদের পরদিন ওয়াশিংটনকে এই চিঠি দেয়া হয়। এখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে উত্তরের অপেক্ষা করছে সরকার।
এপ্রিলেও জ্বালানি তেল নিয়ে কোনো সংকট হবে না উল্লেখ করে মনির হোসেন বলেন, বর্তমানে দেশে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন জ্বালানি মজুত আছে। এপ্রিলে দেশে কয়েকটি জাহাজে ১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আসবে। এরমধ্যে আজ একটি এবং ৩ এপ্রিল আরেকটি জাহাজ আসবে।
অর্থনীতি
দুই দফা আবারও বাড়ল সোনার দাম, ভরি কত?
দেশের বাজারে গত শনিবার (২৮ মার্চ) এক দিনে দুই দফায় ৬৫৯০ টাকা বেড়েছিল সোনার দাম। সেই হিসাবে আজ সোমবার (৩০ মার্চ) থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে হচ্ছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায়।
গত শনিবার (২৮ মার্চ) এ সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার এই দাম সমন্বয় করে।
নতুন দাম অনুযায়ী, সোমবার (৩০ মার্চ) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।
অপরদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬০ হাজার ৮৪৭ টাকায় বিক্রি হবে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
অর্থনীতি
কর না বাড়িয়ে আওতা সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার : তিতুমীর
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘করের হার না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী চার মাসের মধ্যে এর ফল দৃশ্যমান হবে। আমরা একটি ড্যাশবোর্ড চালু করেছি, যেখানে রিয়েল-টাইম ডেটা পাওয়া যাবে।’
তিনি বলেন, ‘এনবিআর এরই মধ্যে তিনটি টাস্কফোর্স গঠন করেছে, যারা দিন-রাত কাজ করছে।’
রবিবার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এ সময় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘দেশের ইতিহাসে প্রথমবারের মতো সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ধরনের কর্মসূচি নিয়ে স্বাভাবিকভাবেই অনেকের মধ্যে শঙ্কা ও উদ্বেগ রয়েছে, বিশেষ করে অর্থায়ন নিয়ে।
তবে সরকার দেশীয় পন্থায়, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের মাধ্যমে এই কর্মসূচির অর্থায়ন নিশ্চিত করবে।’
রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, ‘এটি চালুর আগে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রাপ্ত স্কোরের ভিত্তিতেই সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে এবং এখানে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ ছিল না, যা অতীতের ভাতা ব্যবস্থায় দেখা গেছে।’
কর অব্যাহতি কমানো প্রসঙ্গে তিতুমীর বলেন, ‘দেশে দীর্ঘদিন ধরে এসআরওনির্ভর সুবিধা দেওয়ার একটি সংস্কৃতি ছিল, সেখান থেকে বেরিয়ে আসা গেছে।
রাজস্ব বাড়াতে তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে—অপচয় ও অপ্রয়োজনীয় রিবেট কমানো, পারফরম্যান্সভিত্তিক প্রণোদনা চালু এবং কর ফাঁকি রোধ।’
তিনি আরো বলেন, ‘আগে বিভিন্নভাবে সুবিধা দেওয়ার সংস্কৃতি ছিল। এখন আমরা পারফরম্যান্স বেজড ইনসেনটিভে যাচ্ছি। এতে রাজস্ব আয় বাড়বে এবং অর্থনীতিতে শৃঙ্খলা আসবে।’
এনবিআরকে দুই ভাগ করার সিদ্ধান্তকে যৌক্তিক আখ্যা দিয়ে এ বিষয়ে আলোচনা করে সামনে এগোনো হবে বলে জানান রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অন্তর্বর্তী সরকারের আগে একের পর এক তেল-গ্যাসের দাম বাড়ানো হলেও জনগণের সরকার মূল্যস্ফীতির চিন্তা করে এমনটা করবে না বলেও জানান তিনি।
অর্থনীতি
লিড সনদ পেল নতুন ৫টি কারখানা
বাংলাদেশের নতুন পাঁচটি তৈরি পোশাক (আরএমজি) কারখানা লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদ অর্জন করেছে।
এর ফলে, দেশে মোট লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা বেড়ে ২৮০টিতে দাঁড়িয়েছে এবং পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে বিশ্বসেরা হিসেবে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।
এই নতুন সংযোজনের ফলে, বাংলাদেশে এখন ১১৮টি প্ল্যাটিনাম ও ১৪৩টি গোল্ড রেটেড লিড সনদপ্রাপ্ত আরএমজি কারখানা রয়েছে।
এছাড়াও, বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে বাংলাদেশের ৫২টি কারখানা রয়েছে, যা টেকসই ও পরিবেশবান্ধব শিল্প অনুশীলনের প্রতি দেশটির দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে।
শিল্প সূত্র অনুযায়ী, নতুন সনদপ্রাপ্ত কারখানাগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড ইউনিট-৭, ঢাকার সুরমা গার্মেন্টস লিমিটেড, ধামরাইয়ের নাফা অ্যাপারেলস লিমিটেড ইউনিট-২, সাভারের উইন্টার ড্রেস লিমিটেড ও চট্টগ্রামের মেহের গার্মেন্টস লিমিটেড।
এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড ইউনিট- ৭.৬৭ পয়েন্ট পেয়ে লিড বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪ এর অধীনে গোল্ড সনদ অর্জন করেছে, অন্যদিকে সুরমা গার্মেন্টস লিমিটেড ৭১ পয়েন্ট পেয়ে লিড ও+এম: এক্সিসটিং বিল্ডিং ভি৪-গাই এর অধীনে গোল্ড সনদ অর্জন করেছে।
নাফা অ্যাপারেলস লিমিটেড ইউনিট-০২.৬৫ পয়েন্ট পেয়ে লিড বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪ এর অধীনে গোল্ড সনদ পেয়েছে। উইন্টার ড্রেস লিমিটেড ৮৫ পয়েন্ট পেয়ে লিড ও+এম: এক্সজিসটিং বিল্ডিং ভি৪.১-এর অধীনে প্ল্যাটিনাম সনদ অর্জন করেছে ও মেহের গার্মেন্টস লিমিটেড ৮৯ পয়েন্ট পেয়ে প্ল্যাটিনাম সনদ অর্জন করেছে।
শিল্প নেতারা বলেছেন, এই অর্জনটি তৈরি পোশাক খাতে সবুজ প্রযুক্তি, জ্বালানি দক্ষতা ও পরিবেশগতভাবে টেকসই উৎপাদন ব্যবস্থা গ্রহণে বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতির প্রমাণ। বর্তমানে সবুজ পোশাক কারখানার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে।
এই খাতটি টেকসই উন্নয়ন ও বিশ্ব বাজারে প্রতিযোগিতা সক্ষমতা নিশ্চিত করতে ক্রমবর্ধমানভাবে জ্বালানি দক্ষতা, পানি সংরক্ষণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং কর্মক্ষেত্রের উন্নত মানের ওপর মনোযোগ দিচ্ছে।
অর্থনীতি
এনবিআর: অনলাইনে রিটার্ন দাখিল ৪১ লাখেরও বেশি করদাতা
দেশে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের হার বৃদ্ধি পেয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, এ পর্যন্ত ৪১ লাখ ৫০ হাজারেরও বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। রবিবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, ২০২৫-২০২৬ করবর্ষে কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
ইতিমধ্যে আয়কর রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি ব্যক্তিশ্রেণির করদাতা নিবন্ধন করেছেন এবং ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন অনলাইনে দাখিল করেছেন।
এ বছর ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ব্যক্তি করদাতা উল্লিখিত সময়ের আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় অনুমোদন করতে পারেন।
রিটার্ন দাখিলের জন্য সময় বাড়ানোর আবেদন এবং অতিরিক্ত সময়ের অনুমোদনের কাজটি সহজ, দ্রুত, স্বচ্ছ ও স্বস্তিদায়ক করার লক্ষ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড অনলাইন সিস্টেম চালু করেছে।
করদাতারা এখন সহজেই ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘Time Extension’ মেন্যু ব্যবহারের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সময় বাড়ানোর আবেদন করতে পারছেন।
গত কয়েক দিনে পাঁচ হাজারের অধিক করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন করেছেন এবং বেশির ভাগ করদাতাকে স্বল্প সময়ের মধ্যে অনলাইনেই সময়ের আবেদন মঞ্জুর করা হয়েছে।
অনলাইনে দাখিলকৃত আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনেই আবেদন অনুমোদন করছেন। সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে করদাতা কোনো জরিমানা বা অতিরিক্ত কর প্রদান ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন।
যেসব করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি, তারা বর্ধিত সময়ের মধ্যে জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করতে চাইলে তাদের অবশ্যই ৩১ মার্চ তারিখের আগে আবেদন করতে হবে। ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন না থাকলে সময়ের আবেদন দাখিলের আগে অবশ্যই নিজ নামের বায়োমেট্রিক সিম ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে।
যেসব করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক নয়, তারা অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে উভয় পদ্ধতিতেই সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।
জরিমানা বা অতিরিক্ত কর প্রদান এড়াতে জাতীয় রাজস্ব বোর্ড সব ব্যক্তি করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিলের জন্য বিশেষভাবে অনুরোধ করছে।



