জাতীয়
মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আজ (৫ জানুয়ারি) থেকে আপিল দায়ের করা যাবে। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন কেন্দ্র স্থাপন করা হয়েছে আপিল দায়ের সংক্রান্ত ১০টি বুথ
১নং বুথে খুলনা অঞ্চলের জেলা: মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা।
২নং বুথে রাজশাহী অঞ্চলের জেলা: জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা।
৩নং বুথে রংপুর অঞ্চলের জেলা: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা।
৪নং বুথে চট্টগ্রাম অঞ্চলের জেলা: চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান।
৫নং বুথে কুমিল্লা অঞ্চলের জেলা: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর।
৬নং বুথে সিলেট অঞ্চলের জেলা: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ।
৭নং বুথে ঢাকা অঞ্চলের জেলা: টাংগাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ।
৮ নং বুথে ময়মনসিংহ অঞ্চলের জেলা : জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা।
৯নং বুথে বরিশাল অঞ্চলের জেলা: বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ।
১০নং বুথে ফরিদপুর অঞ্চলের জেলা: রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর জেলার মনোনায়নপত্র বাতিল ও গ্রহণ আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল দায়ের করা যাবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, মনোনয়নপত্র বাছাই শেষে রাতে সারা দেশে কতগুলো মনোনয়নপত্র বৈধ এবং কতগুলো বাতিল হয়েছে তা প্রকাশ করা হবে।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে আগামী ৫ থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আপিল দায়ের করতে পারবেন।
যেভাবে আপিল দায়ের করতে হবে
» মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে আপিল : আপিল আবেদন কমিশন সচিবালয়ের সচিবের নিকট নির্ধারিত ফরমেটে দায়ের করতে হবে।
» আপিল দায়েরকালে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ সম্বলিত বিবৃতি এবং মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ আদেশের সত্যায়িত কপি দাখিল করতে হবে।
» আপিল আবেদনের ১টি মূলকপিসহ সর্বমোট ৭ টি কপি দাখিল করতে হবে।
» আপিল আবেদন নির্বাচন কমিশনের আপিল আবেদন গ্রহণ সংক্রান্ত কেন্দ্রে স্ব স্ব অঞ্চলের নির্ধারিত বুথে জমা দিতে হবে।
» আপিল আবেদন ৫ থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে দাখিল করতে হবে।
» আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা রায়ের কপি পেতে নির্ধারিত ফরম-এ আবেদন দাখিল করতে হবে। ওই ফরমের নমুনা নির্বাচন কমিশনে আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রীয় বুথ হতে সংগ্রহ করা যাবে। আপিল দায়েরকারী অথবা আপিল দায়েরকারীর পক্ষে মনোনীত ব্যক্তি আপিলের রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।
আপিল নিষ্পত্তি: মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিলসমূহ নির্বাচন কমিশন আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে।
নির্বাচনী আচরণ বিধি অনুসরণ: সংসদ নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি এবং সরকারী সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করতে হবে।’
জাতীয়
মওলানা ভাসানীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তিনি মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন এবং এই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমন্ত্রণে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেন। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাধারণ শিক্ষার্থীরা নববর্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছিল। তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে তিনি অনুষ্ঠানে যোগ দেন এবং শিক্ষার্থীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শ, সংগ্রামী জীবন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি তিনি তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
জাতীয়
জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী
জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদ সই করার জন্য সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনূস যখন ডেকেছিলেন, সবচেয়ে প্রথমে বিএনপি গিয়েছিল। বিএনপি জুলাই সনদে সই করেছিল। কাজেই যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব।
এমএন
জাতীয়
আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী
বাংলাদেশ আইন কমিশনের কার্যকারিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, গত দুই দশকে এই কমিশনের পেছনে জনগণের প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় হলেও ফল সামান্য।
মন্ত্রী বলেন, আইন কমিশন এখন পর্যন্ত ১৬৯টি আইনের সুপারিশ করেছেল। এর মধ্যে মাত্র আটটি আইন সেখান থেকে নেওয়া হয়েছে। প্রতি বছর আট থেকে দশ কোটি টাকা সেখানে আমরা খরচ করছি, জনগণের টাকা। অথচ সেখান থেকে ফলাফল খুব কম আসছে।
তিনি বলেন, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি বা প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরের পর কেন তাদের আইন কমিশনের চেয়ারম্যান হতে হবে?
গত সোমবার (১৩ এপ্রিল) ঢাকা সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং ইউএনডিপি আয়োজিত এক যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এম মাহবুব উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস ও নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন গুলব্র্যান্ডসেন।
আইনমন্ত্রী বলেন, আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা পদ্ধতি আরও আধুনিক ও হালনাগাদ করা প্রয়োজন। বিশেষ করে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের এই পরীক্ষায় অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়।
তিনি বার কাউন্সিল নেতাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বিচারপতিদের অবসরের পর বিভিন্ন আকর্ষণীয় বা লোভনীয় পদে নিয়োগ দেওয়া হলে তা সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ও নিরপেক্ষতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
তিনি বলেন, সুপ্রিম কোর্টের একজন সাবেক বিচারপতি কেন করপোরেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে বসে শেয়ারহোল্ডারদের বিরোধ মেটাবেন?
তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতিদের এমন প্রলুব্ধকর পদ দেওয়া হলে তা বিচার বিভাগের সততাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এটি স্বয়ং সুপ্রিম কোর্টের অভ্যন্তরীণ নিরপেক্ষতার ওপর চাপ সৃষ্টি করতে পারে।
পেশার মানোন্নয়ন প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, আমরা এই পেশার মান বাড়াতে চাই। শুধু মুখের কথায় তা সম্ভব নয়। এক প্রতিবেদনে দেখলাম, একজন জ্যেষ্ঠ (অবসরপ্রাপ্ত) বিচারপতি পুনরায় ওকালতিতে ফিরে এক মক্কেলের কাছ থেকে ন্যায়বিচার নিশ্চিত করার নামে এক কোটি ২৫ লাখ টাকা নিয়েছেন। এমনকি সেই টাকা তিনি নিজ নামে চেকে গ্রহণ করেছেন।
তিনি বলেন, কিন্তু শেষ পর্যন্ত ওই বিচারপতি কাঙ্ক্ষিত রায় নিশ্চিত করতে পারেননি এবং টাকাও ফেরত দেননি। এই মর্মে সুপ্রিম কোর্ট বারে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। আমরা এমন আইনজীবী চাই না যারা কেবল নীতির বুলি আউড়ান; আমরা এমন আইনজীবী চাই যারা বাংলাদেশের জন্য প্রকৃত অবদান রাখতে পারবেন।
তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ব্যাপক সংস্কার প্রয়োজন এবং এর বাজেট বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আইনমন্ত্রী বলেন, আমরা চাই এসব বিষয় একটি স্বচ্ছ ও স্বাভাবিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হোক এবং সমাধান করা হোক। এতে আগামী প্রজন্মের জন্য উপযুক্ত ক্ষেত্র তৈরি হবে। তারা তাদের জ্ঞান, মেধা, সততা ও সাহসের মেলবন্ধনে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশকে অগ্রগতির পথে পরিচালিত করবে।
জাতীয়
ক্রুড অয়েল সংকটে দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
অপরিশোধিত তেলের সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কারখানাটিতে শেষ পরিশোধন কার্যক্রম হয়েছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দুজন কর্মকর্তা।
তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের প্রভাব পড়বে না।
ইআরএল সূত্রে জানা গেছে, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের (এসপিএম) পাইপলাইনে জমে থাকা ৫ হাজার টন এবং অপরিশোধিত তেলের চারটি ট্যাংকের ডেড স্টক (মজুদ ট্যাংকের তলানিতে জমে থাকা অপরিশোধিত তেল) তুলেও পরিশোধন কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।
কর্মকর্তার আরো জানায়, ইআরএল সাধারণত দৈনিক গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করে থাকে। তবে ক্রুড সংকটের কারণে গত মাস থেকেই পরিশোধন কমিয়ে দৈনিক ৩ হাজার ৫০০ টন করা হয়েছিল। গত ৪ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে ব্যবহারযোগ্য তেলের মজুদ ২ হাজার টনের নিচে নেমে এসেছে।
বিপিসির তথ্য মতে, দেশে প্রতিবছর ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে ডিজেল ও অপরিশোধিত তেলের পরিমাণ বেশি। প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, যা ইআরএলে পরিশোধন করা হয়।
প্রসঙ্গত, ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সৃষ্ট সংকটে প্রায় দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি বন্ধ রয়েছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহে পরবর্তী আমদানি চালান দেশে আসার কথা রয়েছে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে ইআরএল কর্তৃপক্ষকে।
জাতীয়
নববর্ষ উৎসবের মধ্যেই নিহিত আছে বাঙালি সংস্কৃতি: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জোর করে অনেকেই নববর্ষের উৎসবকে মুখোশ পরাতে চায়। কিন্তু এ উৎসবের মধ্যেই নিহিত আছে বাঙালি সংস্কৃতি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) নববর্ষ উদ্যাপন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, ধর্মীয় উৎসবের পর নববর্ষ উৎসবজ্ঞ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব। এর আগে সকাল থেকে বর্ণাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে প্রেস ক্লাবে বর্ষবরণ শুরু হয়। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার পুতুল নাচ, বাউল গান পরিবেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্যাপন করেন প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবার। অনুষ্ঠান প্রাণবন্ত করতে খই, মুড়ি, মুড়কি, গুড়ের পায়েস, হাওয়াই মিঠাই, পান্তা ইলিশ, চটফটি ফুসকাসহ দেশীয় খাবার পরিবেশন করা হয়।
এদিকে বাংলা নববর্ষের প্রথম দিন এক শুভেচ্ছা বার্তায় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিভিত্তিক অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি বলেন, কৃষকদের সম্মান ও অবদানকে স্বীকৃতি দিতে সরকার নতুন বাংলা বছর ১৪৩৩-কে দেশের কৃষক সমাজ ও কৃষি অর্থনীতিকে উৎসর্গ করছে।
শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলা নববর্ষের প্রচলন শুরু হয়েছিল কৃষকদের ফসলের হিসাব রাখার সুবিধার্থে। বাংলা নববর্ষ একদিকে যেমন আমাদের বাংলা সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, তেমনি কৃষি অর্থনীতির প্রতিনিধিত্ব করে।
তিনি বলেন, বর্তমান সরকার কৃষিকে অর্থনীতির কেন্দ্রবিন্দুতে রেখে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করছে।



