আন্তর্জাতিক
নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের
সামাজিক মাধ্যমে দেয়া এক এক পোস্টে নিজেকে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেয়ার কয়েকদিনের মাথায় দেয়া এই ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক দেখা দিয়েছে। যদিও ডেলসি রদ্রিগেজ সম্প্রতি দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট (অ্যাক্টিং প্রেসিডেন্ট)’ হিসেবে ঘোষণা করেছেন। নিজের সামাজিক মাধ্যমে দেয়া একটি পোস্টে তিনি লিখেছেন— ‘Acting President of Venezuela, Incumbent January 2026’ (ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, ২০২৬ সালের জানুয়ারি থেকে দায়িত্বে)। পোস্টটির সঙ্গে ছিল উইকিপিডিয়ার আদলে তৈরি একটি সম্পাদিত ছবি, যেখানে ট্রাম্পের সরকারি প্রতিকৃতি দেখানো হয় এবং তাকে যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়।
তবে প্রকৃত উইকিপিডিয়া পাতায় ট্রাম্পকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়নি। কোনও আন্তর্জাতিক সংস্থাও তার এই দাবির স্বীকৃতি দেয়নি।
ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি এমন এক সময়ে দিলেন যখন কয়েকদিন আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন বাহিনী। মূলত ট্রাম্পের নির্দেশে সামরিক অভিযান চালিয়ে মাদুরোকে তার স্ত্রীসহ নিউইয়র্কে নিয়ে যাওয়া হয় এবং মাদক পাচারের অভিযোগে সেখানে তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।
দীর্ঘ কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের চাপ, নিষেধাজ্ঞা ও সামরিক তৎপরতার পর এই অভিযান চালানো হয়। মাদুরো দাবি করেছেন, তাকে ‘অপহরণ’ করা হয়েছে। চীন, রাশিয়া, কলম্বিয়া এমনকি স্পেনও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।
নজিরবিহীন সেই অভিযানের কয়েক ঘণ্টা পর ট্রাম্প বলেন, নিরাপত্তাজনিত কারণে এবং ‘নিয়ন্ত্রিত ক্ষমতা হস্তান্তর’ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ভেনেজুয়েলা পরিচালনা করবে। তিনি আরও বলেন, এই অন্তর্বর্তী সময়ে ভেনেজুয়েলার তেল উৎপাদন ও আন্তর্জাতিক বাজারে বিক্রির দায়িত্বও যুক্তরাষ্ট্র তদারকি করবে।
এদিকে ভেনেজুয়েলার ভেতরে মাদুরোর ডেপুটি ডেলসি রদ্রিগেজ দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের কর্তৃত্বের দাবি প্রত্যাখ্যান করার পাশাপাশি মাদুরোর মুক্তি দাবি করেছেন এবং তাকেই দেশের বৈধ প্রেসিডেন্ট বলে ঘোষণা দিয়েছেন।
যদিও ট্রাম্প তাকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা না করলে রদ্রিগেজকেও ‘ভয়াবহ মূল্য দিতে হতে পারে’। তার ভাষ্য অনুযায়ী, এই পরিণতি মাদুরোর চেয়েও কঠোর হতে পারে। নিউইয়র্কে আটক মাদুরোর বিরুদ্ধে ‘নার্কো-সন্ত্রাসবাদ’ ও মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলায় কিছু রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়ার ঘোষণার কৃতিত্বও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ’ হিসেবে এই মুক্তি দেয়া হয়েছে। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পর ‘বড় আকারে’ বন্দিমুক্তি হয়েছে। একইসঙ্গে মুক্তিপ্রাপ্তদের ‘এটা কখনও ভুলে না যেতে’ সতর্ক করে দেন তিনি।
এছাড়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের বড় তেল কোম্পানিগুলোকে ভেনেজুয়েলায় সর্বোচ্চ ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বান জানান, যাতে দ্রুত দেশটির তেল উৎপাদন বাড়ানো যায়। গত সপ্তাহে হোয়াইট হাউসে তেল কোম্পানির নির্বাহীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, কোন কোম্পানি ভেনেজুয়েলায় কাজ করবে তা যুক্তরাষ্ট্রই ঠিক করবে এবং ক্ষতিগ্রস্ত তেল খাত পুনর্গঠনে সহায়তা দেবে।
ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতৃত্বের সঙ্গে ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে সরবরাহের একটি চুক্তিরও প্রশংসা করেন। তিনি বলেন, এই সরবরাহ অনির্দিষ্টকাল চলতে পারে এবং বাড়তি তেল সরবরাহ যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমাতে সহায়ক হবে।
এদিকে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার তেল বিক্রি থেকে অর্জিত অর্থ সুরক্ষায় একটি নির্বাহী আদেশেও সম্প্রতি স্বাক্ষর করেছেন ট্রাম্প।
আন্তর্জাতিক
ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলা
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার প্রেক্ষাপটেই ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
খবরে বলা হয়, তেহরানের একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয়রা আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, তেলআবিবের ওপর সম্ভাব্য হুমকি প্রতিহত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এটি ছিল প্রতিরক্ষামূলক ও কৌশলগত অভিযান।
এদিকে সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় দেশজুড়ে কঠোর বিধিনিষেধ জারি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম, জনসমাবেশ ও অনাবশ্যক কর্মকাণ্ড সাময়িকভাবে স্থগিত থাকবে।
হামলার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
আন্তর্জাতিক
ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবারও ১৭০ বছর পর বন্ধ, দেউলিয়া ঘোষণা
একসময় ভারত শাসন করা এবং ব্রিটিশ উপনিবেশ বিস্তারের পথ তৈরি করা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুনরুজ্জীবনের প্রায় ১৭০ বছর পর আবারও বন্ধ হয়ে গেছে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিলাসপণ্য বিক্রির প্রতিষ্ঠান হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত দেউলিয়া হয়ে কার্যক্রম গুটাতে হয়েছে ঐতিহাসিক এই কোম্পানিকে। আর এর মধ্য দিয়ে এক অদ্ভুত ঐতিহাসিক প্রত্যাবর্তনেরও সমাপ্তি ঘটল।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে, একসময় ভারতের বিস্তীর্ণ অঞ্চল শাসন করা এবং ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পথ তৈরি করা ব্রিটিশ বাণিজ্যিক প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবারও বন্ধ হয়ে গেছে। এবার লন্ডনে বিলাসপণ্যের খুচরা বিক্রেতা হিসেবে তাদের কার্যক্রমের ইতি টানা হলো। অবশ্য মূল ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় ১৫২ বছর আগে নিষ্ক্রিয় হয়ে যায়। পরে ২০১০ সালে এক ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী নামের স্বত্ব কিনে প্রতিষ্ঠানটি পুনরুজ্জীবিত করেন। কিন্তু সেই প্রকল্প এবার দেউলিয়া হয়ে শেষ হয়েছে।
১৮৫৭ সালের ঐতিহাসিক সিপাহি বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার ব্রিটিশ সরকারের হাতে চলে যায়। ১৮৫৮ সালে ব্রিটিশ ক্রাউন সরাসরি ভারতের নিয়ন্ত্রণ নেয় এবং এর মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের সূচনা হয়।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্তরাধিকার সাধারণত নেতিবাচক অর্থেই দেখা হয়। ভারত ও এশিয়ার অন্যান্য অঞ্চলে ব্যাপক শোষণ, সহিংসতা এবং মহাদুর্ভিক্ষ, বিশেষ করে বাংলার মহাদুর্ভিক্ষের সঙ্গে এই কোম্পানির নাম জড়িত। পঞ্চাশের মন্বন্তর নামে পরিচিত এই দুর্ভিক্ষে প্রায় ৩ কোটি মানুষ মারা গিয়েছিল। যদিও ব্রিটিশ এই কোম্পানি বৈশ্বিক বাণিজ্যে বড় পরিবর্তন এনেছিল। কিন্তু বিপুল মানবিক দুর্ভোগের বিনিময়েই এই পরিবর্তন এসেছিল।
২০১০ সালে ভারতীয় উদ্যোক্তা সঞ্জীব মেহতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামের সত্ত্বাধিকার কিনে নেন। যে কোম্পানি একসময় ভারত শাসন করেছে, সেটির মালিক একজন ভারতীয় হওয়ার সেই খবর বিশ্বজুড়ে শিরোনাম হয়েছিল। তবে কোম্পানিটির আধুনিক সংস্করণ এখন লিকুইডেশনে গেছে।
দ্য সানডে টাইমস জানিয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি লিমিটেড ২০২৫ সালের অক্টোবরে লিকুইডেটর নিয়োগ দেয়। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে নিবন্ধিত তাদের মূল প্রতিষ্ঠানের কাছে ৬ লাখ পাউন্ডের বেশি দেনা ছিল। কর বাবদ বকেয়া ছিল ১ লাখ ৯৩ হাজার ৭৮৯ পাউন্ড এবং কর্মীদের পাওনা ছিল ১ লাখ ৬৩ হাজার ১০৫ পাউন্ড। মালিক সঞ্জীব মেহতার সঙ্গে যুক্ত ‘ইস্ট ইন্ডিয়া’ নামধারী আরও কয়েকটি প্রতিষ্ঠানও বিলুপ্ত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
এছাড়া কোম্পানির ওয়েবসাইটও বর্তমানে অচল। লন্ডনের মেফেয়ারে ৯৭ নিউ বন্ড স্ট্রিটে তাদের দোকানটি খালি পড়ে আছে এবং ভাড়ার জন্য বিজ্ঞপ্তি তোলা হয়েছে। সংশ্লিষ্ট আরেক প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানি কালেকশনস লিমিটেডের বিরুদ্ধেও সম্প্রতি পাওনাদাররা উইন্ডিং-আপ পিটিশন দায়ের করেছে।
ইন্ডিয়া টুডে বলছে, ২০০০-এর দশকের শুরুতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামের স্বত্ব অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেন সঞ্জীব মেহতা। ২০১০ সালে তিনি মেফেয়ারে ২ হাজার বর্গফুটের একটি বিলাসবহুল দোকান খোলেন। সেখানে ফোর্টনাম অ্যান্ড ম্যাসনের মতো খ্যাতনামা দোকানের আদলে উচ্চমানের চা, চকলেট, মিষ্টান্ন, মসলা ও অন্যান্য পণ্য বিক্রি হতো।
মেহতা এটিকে উপনিবেশবাদের প্রতীককে ইতিবাচক কিছুর মধ্যে রূপান্তর হিসেবে দেখেছিলেন। ২০১৭ সালে দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একজন ভারতীয় এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক, এতে নেতিবাচক বিষয়টি ইতিবাচকে পরিণত হয়েছে। ঐতিহাসিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগ্রাসনের ওপর দাঁড়িয়েছিল, কিন্তু আজকের ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহমর্মিতার কথা বলে।’
১৬০০ সালের ৩১ ডিসেম্বর রানি প্রথম এলিজাবেথের দেয়া রাজকীয় সনদের মাধ্যমে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। ইস্ট ইন্ডিজ তথা ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে মসলা ও পণ্যের বাণিজ্যে অংশ নিতে এটি একটি যৌথ-শেয়ারভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।
এটি ছিল বিশ্বের প্রথম দিকের যৌথ-শেয়ার কোম্পানিগুলোর একটি, যেখানে বিনিয়োগকারীরা শেয়ার কিনে লাভ-ক্ষতির অংশীদার হতেন। ১৬১২-১৩ সালে ভারতের সুরাটে প্রথম বাণিজ্যকেন্দ্র স্থাপন করে এই কোম্পানি। পরে কেপ অব গুড হোপের পূর্বাঞ্চলে ব্রিটিশ বাণিজ্যে একচেটিয়া অধিকার পায়।
১৭০০-এর দশকে এটি শক্তিশালী সামরিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। দুর্গ নির্মাণ, স্থানীয় শাসকদের সঙ্গে জোট এবং ফরাসি ও বিভিন্ন দেশীয় রাজ্যের সঙ্গে যুদ্ধের মাধ্যমে প্রভাব বিস্তার করে। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর বাংলা অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করে এবং কর আদায়, আদালত পরিচালনাসহ প্রশাসনিক দায়িত্ব পালন করতে থাকে।
উনিশ শতকের শুরুতে কোম্পানিটির প্রায় আড়াই লাখ সদস্যের ব্যক্তিগত সেনাবাহিনী ছিল। অর্থাৎ তৎকালীন সময়ে ব্রিটিশ সেনাবাহিনীর দ্বিগুণ সেনাসদস্য ছিল তাদের। মসলা, তুলা, রেশম, চা, নীলসহ নানা পণ্যের বৈশ্বিক বাণিজ্যে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এর মানবিক মূল্য ছিল অত্যন্ত বেশি।
কোম্পানির শাসনামলে শোষণ, নগদ ফসল চাষে বাধ্য করা এবং রপ্তানিনির্ভর নীতির কারণে দুর্ভিক্ষ আরও তীব্র হয়। ১৮৫৭ সালের বিদ্রোহের পর তাদের শাসনের অবসান ঘটে। পরে ক্ষমতা ব্রিটিশ রাজপরিবারের হাতে হস্তান্তরের পর ১৮৭৪ সালে ব্রিটিশ পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে কোম্পানিটি বিলুপ্ত করে।
একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান কীভাবে সাম্রাজ্য নির্মাতা হয়ে উঠেছিল— ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস সেই কাহিনীই তুলে ধরে। এটি আধুনিক ভারত, ব্রিটেন ও বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করলেও রেখে গেছে গভীর অবিচারের ইতিহাস।
আর এবার দ্বিতীয়বারের মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির বন্ধ হয়ে যাওয়া সেই অদ্ভুত পুনরুজ্জীবনেরও সমাপ্তি টানল।
আন্তর্জাতিক
বলিভিয়ায় টাকাভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫
বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে দেশটির জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানোতে পরিপূর্ণ একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি কয়েকটি যানবাহনের ওপর পতিত হওয়ায় সেগুলোও বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো কয়েকজন।
স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন ছাপানো নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ রাজধানী লা পাজের সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরের কাছাকাছি আসার পর অবতরণের সময় সেটি রানওয়ে থেকে সরে যায় এবং কাছাকাছি মহাসড়কে বিধ্বস্ত হয়।
বিমানটি আছড়ে পড়ার পর সেটিতে আগুন ধরে গিয়েছিল। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছে তাদের কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান তিনি।
স্যালিনাসের বিবৃতিতে যদিও হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি, তবে বিমানবন্দরের ফায়ার সার্ভিস বাহিনীর প্রধান পাভেল তোভার সাংবাদিকদের জানিয়েছেন, তারা দুর্ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন। তবে এই নিহতদের মধ্যে কত জন বিমানযাত্রী ছিলেন এবং কত জন ক্ষতিগ্রস্ত গাড়িগুলোতে ছিলেন—তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।
বলিভিয়ার বিমান বাহিনীর কর্মকর্তা জেনারেল সার্জিও লোরা এক বিবৃতিতে জানান, কার্গো বিমানটিতে মোট ৬ জন ক্রু ছিল। তাদের মধ্যে চারজনের মরদেহ মিললেও দু’জনের খোঁজ এখনো পাওয়া যাচ্ছে না।
কার্গো উড়োজাহাজটি পূর্বাঞ্চলীয় শহর সন্তাক্রুজ থেকে এল আলতো শহরের দিকে যাচ্ছিল বলে উল্লেখ করেছেন তিনি।
আন্তর্জাতিক
ইসরায়েলে অবস্থানরত আমেরিকানদের জরুরি ভিত্তিতে দেশ ত্যাগের পরামর্শ
ইরানের সঙ্গে চলমান চরম উত্তেজনা এবং এই অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক অস্থিরতার প্রেক্ষাপটে ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে এক বিশেষ নিরাপত্তা বার্তায় এই নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, যতক্ষণ বাণিজ্যিক ফ্লাইট চালু আছে, ততক্ষণই যেন নাগরিকরা ইসরায়েল ত্যাগ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।
ধারণা করা হচ্ছে, ইরানের সঙ্গে চলমান চরম উত্তেজনা এবং এই অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক অস্থিরতার প্রেক্ষাপটেই এই আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এই অঞ্চলে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড শুক্রবার ইসরায়েলের উত্তর উপকূলে মোতায়েন করা হয়েছে।
মার্কিন মিশনের তথ্যমতে, স্টেট ডিপার্টমেন্ট বর্তমানে ইসরায়েলে থাকা তাদের অ-জরুরি সরকারি কর্মী এবং পরিবারের সদস্যদের দেশ ত্যাগের অনুমতি দিয়েছে। বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে, কোনো প্রকার আগাম ঘোষণা ছাড়াই ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকা, বিশেষ করে জেরুজালেমের ওল্ড সিটি এবং ওয়েস্ট ব্যাংকে মার্কিন সরকারি কর্মচারীদের চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। সন্ত্রাসবাদ এবং নাগরিক অস্থিরতার আশঙ্কায় মার্কিন নাগরিকদের ইসরায়েল ও ওয়েস্ট ব্যাংক ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।
বিশেষ করে গাজা সীমান্ত থেকে সাত মাইলের মধ্যে এবং লেবানন ও সিরিয়া সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সেসব স্থানে ভ্রমণ থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে।
এ ছাড়া মিশরের তাবা ক্রসিং বাদে সীমান্ত এলাকাগুলোতেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
এমএন
আন্তর্জাতিক
পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ
দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ছাপিয়ে এবার সরাসরি যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান-আফগানিস্তান। তালেবানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই নজিরবিহীন পরিস্থিতিতে জাতিসংঘসহ বিভিন্ন দেশ প্রতিক্রিয়া জানিয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের হামলার পর আফগানিস্তানের তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, ডুরান্ড লাইনের বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে ‘বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযান’ শুরু করেছে আফগানিস্তান। তালেবান দাবি করেছে, চলতি সপ্তাহে পাকিস্তানের পৃথক বিমান হামলার জবাব হিসেবেই তারা এই অভিযান চালাচ্ছে।
জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেষ পরিস্থিতির ওপর গভীর নজর রাখছেন এবং সহিংসতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মুখপাত্র স্টিফেন ডুজারিখ এক বিবৃতিতে জানান, দুই দেশকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। গুতেরেস বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দেন।
ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দুই দেশকে সংলাপ ও সুপ্রতিবেশী নীতির মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছেন। তিনি রমজান মাসের গুরুত্ব উল্লেখ করে সংযম ও ইসলামী সংহতির ওপর গুরুত্বারোপ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তেহরান গঠনমূলক সংলাপ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।
রাশিয়া রাশিয়া অবিলম্বে সীমান্তপারের হামলা বন্ধ করে কূটনৈতিক উপায়ে সমাধানের আহ্বান জানিয়েছে। দেশটি প্রয়োজনে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছে।
চীন চীন জানিয়েছে, পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধিতে তারা গভীরভাবে উদ্বিগ্ন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, বেইজিং নিজস্ব কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পরিস্থিতি শান্ত করতে কাজ করছে এবং গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।
পাকিস্তানের অবস্থান
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তালেবানকে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতার জন্য দায়ী করেছেন। তিনি বলেন, ইসলামাবাদ পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরাসরি ও বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, আমাদের ধৈর্যের সীমা শেষ। এখন এটি সরাসরি যুদ্ধ, এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে।
আফগানিস্তানের প্রতিক্রিয়া
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, দেশটি ঐক্যবদ্ধভাবে নিজেদের ভূখণ্ড রক্ষা করবে এবং আগ্রাসনের জবাব সাহসিকতার সঙ্গে দেবে। তিনি পাকিস্তানকে নিজেদের নীতিতে পরিবর্তন এনে সুপ্রতিবেশী সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।
এমএন




