সারাদেশ
ফরিদপুর-১ আসনের সব প্রার্থীর মনোনয়ন বাতিল ও স্থগিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে এক ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই আসনে নির্বাচন কমিশনে দাখিল করা ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে প্রাথমিকভাবে কাউকেই বৈধ ঘোষণা করা হয়নি। যাচাই শেষে ৭ জনের প্রার্থিতা বাতিল এবং ৮ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
স্বতন্ত্র ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া সাতজনই স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন বিধিমালা অনুযায়ী মোট ভোটারের ন্যূনতম ১ শতাংশ ভোটারের সমর্থনের সত্যতা প্রমাণে ব্যর্থ হওয়ায় তাঁদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক মো. হাসিবুর রহমান অপু, বিএনপির বিদ্রোহী প্রার্থী শামসুদ্দিন মিয়া ঝুনু, ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন, মো. শাহাবুদ্দিন আহমেদ, মো. গোলাম কবীর মিয়া, মো. আব্দুর রহমান জিকো এবং বিএনপি প্রার্থীর স্ত্রী লায়লা আরজুমান বানু।
এই আসনে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়নও প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে। হলফনামায় উল্লেখিত সম্পদ বিবরণীর সঙ্গে আয়কর নথির অসংগতি ও তথ্য গোপনের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়ন স্থগিত করা হয়। অন্যদিকে বার্ষিক আয়ের তথ্যে ত্রুটির কারণে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইলিয়াস মোল্যার মনোনয়নও স্থগিত রাখা হয়েছে।
এছাড়া মামলা সংক্রান্ত তথ্য উল্লেখ না করায় স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাসার খানের মনোনয়ন স্থগিত করা হয়। ২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার কপি দাখিল না করায় বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মুহাম্মদ খালেদ বিন নাছের এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী মৃন্ময় কান্তির মনোনয়ন স্থগিত করা হয়েছে।
প্রশাসনিক ও বিধিগত বিভিন্ন ত্রুটির কারণে জাতীয় ঐক্য ফ্রন্টের শাহ মোহাম্মদ আবু জাফর, জাতীয় পার্টির প্রার্থী সুলতান আহমেদ খান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শরাফাতের মনোনয়নও স্থগিত রাখা হয়েছে।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা বলেন, “যেসব প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে, তাঁদের বিকাল ৪টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী ও কাগজপত্র দাখিল করলে বিধি অনুযায়ী পুনরায় যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”
মনোনয়ন সংশোধন ও আপিল প্রক্রিয়া শেষে ফরিদপুর-১ আসনে চূড়ান্তভাবে কোন প্রার্থীরা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
এমকে
সারাদেশ
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে নারী শিশুসহ দগ্ধ ৪
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে একই পরিবারের নারী শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন- মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, সকাল ছয়টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে জিল হক ও হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এমএন
সারাদেশ
গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার
জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ লোক ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। সুতরাং এই গণভোটকে অস্বীকার করা মানে হলো জুলাই আন্দোলনকে অস্বীকার করা। জুলাই আন্দোলনকে যারা অস্বীকার করবে, এক সেন্সে এটা বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার শামিল।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উল্লাপাড়া পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড, থানা মোড় ও শহীদ মিনার এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, আমি আজকে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে আমি উল্লাপাড়া মডেল থানার সামনে মিডিয়ায় কথা বলতেছি। জুলাই বিপ্লব না হলে আমি এই জায়গায় আসতে পারতাম না। গত ১৬-১৭ বছর আমাকে উল্লাপাড়া আসতে দেওয়া হয় নাই। সংসদ সদস্য হওয়া তো দূরের কথা।
তিনি আরও বলেন, এখন যারা সরকারে আছেন, তারাও আমাদের সাথে আন্দোলনে ছিলেন। জুলাই বিপ্লবে কতটুকু ভূমিকা রাখছে আমি তা বলতে চাই না। তবে বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলনে তারা সব সময় ছিলেন। তারা হঠাৎ করে জুলাই বিপ্লবকে অস্বীকার করে। আমি এ কথা শুনেছি মিডিয়ায় এই সরকারের কোন কোন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছেন, গণভোট বলতে কিছু নেই। আরে অবাক কাণ্ড। গণভোট বলতে কিছু নেই! তাহলে, আপনি স্বাক্ষর করলেন কেন? আপনার দল তো স্বাক্ষর করেছে। তাহলে আজকে আবার এটি বলতেছেন কেন।
রফিকুল ইসলাম খান বলেন, তাদের ঘাড় বা গোড়া কোন জায়গায়? এটি তো জাতি জানে। কাজেই অনেকেই মনে করছে এই বর্তমান সরকার অন্য কোনো জায়গার ইশারায় এই বাংলাদেশকে জুলাই পূর্ববর্তী অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কোনো ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে কিনা?
তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই- জুলাই হলো বাংলাদেশের মানুষের চেতনার সাথে রিলেটেড। এই জুলাই বিপ্লবের জন্য প্রায় দুই হাজার লোক জীবন দিয়েছে। প্রায় ৭০ হাজার নারী এবং পুরুষ আহত, পঙ্গু, বাড়িঘর ছাড়া হয়েছেন। এই জুলাই বিপ্লব নিয়ে কেউ যদি তামাশা করে তাহলে তাদেরও পরিণতি আগের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের মতোই হবে।
এমএন
সারাদেশ
১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সাধারণ মানুষ ও প্রশাসনসহ কিছু মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, দেশের যেসব নদী খনন প্রয়োজন এবং যেসব জলাশয় দখল রয়েছে, সেগুলো দ্রুত দখলমুক্ত করা হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রায় দুই হাজারের বেশি মাইল খাল খনন করেছিলেন। সেই খাল খনন কর্মসূচিকে আবারও আগামী ১৫ দিনের মধ্যে সামনে আনা হবে। একই সঙ্গে আবহাওয়া ও পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচিও করা হবে বলে জানান তিনি।
আলোচনা সভায় প্রতিমন্ত্রী জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এমএন
সারাদেশ
প্রথম রোজায় ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
পবিত্র রমজান মাসের শুরুর দিনে দেশে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১।
ভূমিকম্পটির উত্তপত্তিস্থল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে উল্লেখ করে মাই আর্থকোয়েক অ্যালার্ট জানায়, সিলেট নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১০। এর গভীরতা স্বল্পমাত্রার হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
সারাদেশ
যশোরের চৌগাছায় তিন দিনব্যাপী গুড়ের মেলা অনুষ্ঠিত, উৎসবে মেতেছেন গাছি ও দর্শনার্থীরা
চৌগাছায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্ত প্রদর্শন ও গুড়েরমেলা উদ্বোধন হয়েছে।এ উপলক্ষে রযালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে উপজেলা চত্বরে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেলা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারী) সকালে মেলা উপলক্ষে এক রযালী অনুষ্ঠিত হয়। রযালীটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা চত্তরে এসে শেষ হয়। এরপর কাংখিত সেই মেলার ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদ। এরপর নেতৃবৃন্দ মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
সকাল সাড়ে ১১ টায় বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস ।
বিশেষ অতিথির আলোচনা করেন কৃষি সম্প্রসারণ যশোরের উপপরিচালক মোঃ মোশারফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন প্রমুখ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুন্নাহারসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশ,বিজিবি ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, মেলায় অংশ নেয়া গাছি ও কৃষক, গণমাধ্যমকর্মী স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ এ সময় বলেন, যশোরের চৌগাছা হচ্ছে কৃষির জন্য বিখ্যাত। এখানকার কৃষকরা ব্যাপক পরিশ্রমী ও তারা মাঠে যে ফসল ফলান তাতেই লাভবান হন। কৃষির সাথে যুক্ত হয়েছে জিআই পন্য খেজুরের গুড়। গত কয়েক বছর থেকে প্রতি বছর কোটি টাকার গুড় বিক্রি করছে গাছিরা ।
কয়েক বছর ধরে অনুষ্ঠিত এই গুড়ের মেলা মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। কৃষি ও খেজুর গাছ কাটার সাথে সম্পৃক্ত গাছিদের সার্বিক মানউন্নয়নে কৃষি অফিস সর্বদা কাজ করে যাচ্ছেন।
আলোচনা শেষে বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে স্থানীয় শিল্পিদের পাশাপাশি খুলনার বহুল পরিচিত কৌতুক অভিনেতা শ্যাম্পুটুকু কৌতুক উপস্থাপন করেন।
উপজেলার পাতিবিলা ইউনিয়নের হয়াতপুর গ্রামের সফল গাছি কাজী আব্দুল হাই বলেন, তিনবার মেলা হয়েছে এবং তিন বারই আমি সেরা গাছি ও গুড় তৈরীর জন্য পুরস্কার পেয়েছি অন্য গাছি একই গ্রামের কামাল বলেন আমার ১০৫ টা খেজুর গাছ আছে আমি পালা করে গাছ কাটি, আমার গুড়ের গুণগত .মান ১০০% বিশুদ্ধ ।
গুড়ের মেলায় অংশ নেয়া চৌগাছার পাঁচনামনা গ্রামের আছের আলী বলেন, গুড় মেলা আমাদের প্রাণের মেলায় পরিনত হয়েছে। এবছর মেলা বিলম্ব হওয়ায় দুঃশ্চিন্তায় ছিলাম, অববেশে কাংখিত মেলা শুরু হয়েছে। আমার নিজের হাতে কাটা গাছ থেকে গুড় নিয়ে এসেছি আশা করছি সবই বিক্রি হয়ে যাবে।
আশা করছি এবছরও তার ব্যতিক্রম ঘটবে না। প্রকার ভেদে এক কেজি গুড় ৪শ থেকে ৫শ টাকা এবং পাটালি ৫শ থেকে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে মেলায় অংশ নেয়া গাছিরা জানান।
এমএন



