জাতীয়
যারা মাজার ভাঙে, তারা কোনো ধর্মের লোক হতে পারে না: ফরহাদ মজহার
ভাবুক কবি ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার বলেছেন, যারা মাজার ভাঙছে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মাজার ভাঙা একটা ফৌজদারি অপরাধ। যারা মাজার ভাঙে তারা কোনো ধর্মের লোক হতে পারে না। যারা মাজার ভাঙে তারা অপরাধী।
তাদের শাস্তি পেতেই হবে।
শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহর ৫৮তম স্মরণোউৎসব ও বার্ষিক ওরসে ‘সুফিবাদ ও আত্মদর্শন’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ফরহাদ মাজহার বলেন, ‘একটি বিশেষ পক্ষ নিয়ে অন্য পক্ষকে দমন করা, নির্যাতন করা আইনবিরোধী কাজ। মাজার ভাঙার বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করছি।
এর আগের সরকার চেষ্টা করেছে, কিন্তু মাজার ভাঙা বন্ধ হয়নি। বর্তমান সরকারের সময়ে আমরা আশা করব, কোনো মাজার যেন ভাঙা না হয়।’
তিনি বলেন, আপনারা দেখেছেন, চিন্ময়কে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আর সবচেয়ে বড় ভয়ংকর যে তার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, যে চিন্ময় ইসকন।
কিন্তু চিন্ময় ইসকনের অন্তর্ভুক্ত কেউ নন। আগে থেকেই ইসকনের সঙ্গে তার বিরোধ রয়েছে। মিথ্যা প্রপাগান্ডা তার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে।
তিনি আরো বলেন, বড় কথা হলো—আপনার যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, থাকতে পারে। সে ক্ষেত্রে সে তো জামিন পাওয়ার যোগ্য।
কিন্তু তার জামিন পাওয়ার জন্য যে উকিল দরকার, সেই উকিলও তাকে দেওয়া হয়নি। উল্টো তার বিরুদ্ধে অন্যায় মামলা দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। এটা অন্যায় মামলা। তিনি যখন জেলে তখন আইনজীবী হত্যার সঙ্গে জড়িত বলে তার বিরুদ্ধে মামলা হয়েছে। যদিও আইনজীবী হত্যার ঘটনাটি দুঃখজনক। তার বিচার হওয়া উচিত। কিন্তু আইনজীবী হত্যার দায় চিন্ময়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
আব্দুল কাদির শাহ পাঠাগার আয়োজিত ওরসে সভাপতিত্ব করেন পাঠাগারটির উপদেষ্টা মো. খালিদ সাহিদ বিদ্যুৎ। পরে আধ্যাত্মিক ও বাউল গানের আসর চলে রাতব্যাপী।
জাতীয়
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
দেশে প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। যাতায়াতের সুবিধা ও ভোগান্তি এড়াতে কর্মসূচিগুলোর সময়গুলো জানা জরুরি। রবিবার (৫ এপ্রিল) উল্লেখযোগ্য যেসব কর্মসূচির মধ্যে যেসব কর্মসূচি রয়েছে।
বিএনিপর আয়োজনে ‘ইস্টার সানডে’ উপলক্ষে সকাল ৮টায় রাজধানীর বাড্ডা এলাকার মাদানী অ্যাভিনিউতে ইন্টার চার্চ ফেলোশিপ, বৃহত্তর বাড্ডার উদ্যোগে ঢাকা মেট্রোপলিটন খ্রিস্টান হাউজিং সোসাইটিতে শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়া বিকেল ৪টায় কাকরাইলের আর্চবিশপস হাউসে আরেকটি শুভেচ্ছা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উভয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেল ৩টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এছাড়া সকাল ৯টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত থাকবেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচি
বিকেলে সাড়ে ৩টায় সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সার্বিক কার্যক্রম পরিদর্শন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
অর্থ মন্ত্রণালয়ের কর্মসূচি
স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে বাংলাদেশ সরকারের অনুরোধে জাতিসংঘের ইউএন-ওএইচআরএলএলএস সম্প্রতি একটি ইন্ডিপেনডেন্ট গ্র্যাজুয়েশন রেডিনেস অ্যাসেসমেন্ট সম্পাদন করেছে। উক্ত রেডিনেস অ্যাসেসমেন্টের প্রধান দিকগুলো সংশ্লিষ্ট সবার কাছে উপস্থাপনের লক্ষ্যে সকালে সাড়ে ৯টায় এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে এবং জাতিসংঘের অঙ্গসংস্থা ইউএন-ওএইচআরএলএলএস ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয়ের সহযোগিতায় একটি ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসালটেশন আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড. খলিলুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, ইউএনওএইচআরএলএলএসের আন্ডার সেক্রেটারি জেনারেল মিজ রাবাব ফাতিমা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
এনবিআরের কর্মসূচি
সকাল ১০টায় জাতীয় রাজস্ব ভবন সম্মেলন কক্ষে অংশীজনদের সঙ্গে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় অংশ নেবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
জাতীয়
পে স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো ইস্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার (৫ এপ্রিল) এ বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠেয় বৈঠকে অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো প্রণয়নে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি বেতন কমিশন গঠন করে।
গত ২২ জানুয়ারি জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন ধাপে বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপে ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়।
কমিশনপ্রধান জাকির আহমেদ খান প্রতিবেদন জমা দেওয়ার সময় জানান, সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের মোট ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।
জাতীয়
আজ থেকে অফিস-ব্যাংক ও মার্কেটের নতুন সময়সূচি শুরু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ রোববার (৫ এপ্রিল) থেকে সব সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
স্বাভাবিক সময়ে অফিস কার্যক্রম বিকেল ৫টা পর্যন্ত চললেও বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে এই কর্মঘণ্টা এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার (৪ এপ্রিল) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়। শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে।
জরুরি পরিষেবাগুলো এই পরিবর্তিত সময়সূচির আওতামুক্ত রাখা হয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, ডাক ও টেলিযোগাযোগ, হাসপাতাল এবং গণমাধ্যমের মতো জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা আগের মতোই স্বাভাবিক নিয়মে দায়িত্ব পালন করবেন।
আদালতের সময়সূচি নির্ধারণের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন এবং বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান বা কলকারখানার কর্মঘণ্টা শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্ধারণ করবে। এর আগে ২০২২ সালেও জ্বালানি সাশ্রয়ে একইভাবে অফিস সময় কমানো হয়েছিল, যা ২০২৪ সালের জুনে আবার স্বাভাবিক করা হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার পুনরায় আগের সেই সাশ্রয়ী নীতিতে ফিরে গেল।
ব্যাংকিং খাতের সময়সূচিতেও বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, রোববার থেকে ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। তবে দাপ্তরিক কাজ সম্পন্নের জন্য ব্যাংক কর্মকর্তাদের বিকেল ৫টা পর্যন্ত অফিসে অবস্থান করতে হবে। সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা, উপশাখা এবং বুথগুলোর কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে সেগুলো আগের মতোই ২৪ ঘণ্টা চালু থাকবে।
এছাড়া দেশের সব বিপণিবিতান, মার্কেট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অফিস ভবন সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যবসায়ী নেতারা রাত ৮টা পর্যন্ত সময় বাড়ানোর দাবি জানালেও মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আপাতত সন্ধ্যা ৬টার সময়সীমা বজায় রাখা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্য সপ্তাহে তিন দিন অনলাইনে এবং তিন দিন সশরীর ক্লাসের একটি প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে অনলাইন ক্লাস পরিচালনা করা কঠিন হতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিশেষ করে শ্রমজীবী ও দরিদ্র পরিবারের সন্তানদের অনলাইন ক্লাসে যুক্ত করার সীমাবদ্ধতার বিষয়টি মাথায় রেখে বিকল্প ব্যবস্থার কথা ভাবছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় অংশীজনদের সঙ্গে আলোচনা করে দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করবে বলে জানানো হয়েছে।
মূলত রমজান ও ঈদের লম্বা ছুটির পর জ্বালানি সংকট মোকাবিলায় এই নতুন ব্যবস্থাগুলো দেশের অর্থনীতি ও সেবার ওপর চাপ কমাতে সহায়ক হবে বলে আশা করছে সরকার।
জাতীয়
মানবসম্পদ রক্ষায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ জরুরি : চিফ হুইপ
মানবসম্পদ রক্ষায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ করা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
তিনি বলেন, ‘বর্তমান সরকার তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে অত্যন্ত আন্তরিক। আমরা তামাকের ব্যবহার সম্পূর্ণরূপে নির্মূলের চেষ্টা করবো। যদি নির্মূল করতে নাও পারি, অন্তত এর ব্যবহার আর যাতে বৃদ্ধি না পায় সেই ব্যবস্থা করা হবে। মানবসম্পদ ছাড়া আমাদের আর কোনো সম্পদ নেই। তাই মানব সম্পদকে রক্ষা করতে হলে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ করা জরুরি।’
শনিবার (৪ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নারী স্বাস্থ্য সুরক্ষায় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন’ শক্তিশালী করার প্রয়োজনীয়তা শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন।
উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার (উবিনীগ) সহযোগিতায় তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) এ অনুষ্ঠানের আয়োজন করে।
নূরুল ইসলাম বলেন, তামাক সেবন করলে ক্ষতি হয় এটা সব মানুষই জানে। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। এখানে একজন তামাক সেবন করলে পাশের ১০ জন আক্রান্ত হয়। তাই তামাকের ব্যবহার রোধে দরকার কার্যকর পদক্ষেপ।
তামাক চাষিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি কেন তামাক চাষ করবেন? তামাকের বদলে অন্য কিছু চাষ করেন।’
চিফ হুইপ বলেন, ২০০৫ সালে তামাক বিরোধী আইন তৈরি হয়েছিল, বিএনপি সরকারের সময়ই টেলিভিশনে তামাকের বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে।
বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, মাত্র দুই মাসের কম সময়ের মধ্যে সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করে দিয়েছে এবং কৃষক কার্ড দেওয়ার ব্যবস্থা করেছে। নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করেছি এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করা হয়েছে।
বিশ্বে তেলের দাম বাড়লেও বাংলাদেশে এখনও তেলের দাম বাড়ানো হয়নি উল্লেখ করে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যাতে জ্বালানির দাম না বাড়ানো হয়। আপনারা জানেন পাশের দেশ পাকিস্তানে তেলের দাম ডাবল হয়েছে, শ্রীলঙ্কা বা নেপালে স্কুল বন্ধ হয়েছে। প্রধানমন্ত্রী বাহুল্য খরচ কমাতে নিজের গাড়ির বহর কমিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন, যাতে এসির তাপমাত্রা ২৫-এর নিচে না নামানো হয়। তিনি নিজের রুমেও অধিক আলো বা এসি ব্যবহার করেন না, শুধুমাত্র বিদ্যুৎ সাশ্রয়ের জন্য।
পরিবেশ সুরক্ষায় সরকার ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছে জানিয়ে তিনি বলেন, খালের দুই পাড়ে চন্দন কাঠের মতো মূল্যবান গাছ লাগানো যেতে পারে, যা ভবিষ্যতে অর্থনৈতিক সম্পদ দেবে।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণে বিএনপি সরকারের পদক্ষেপ, একটি ভিডিও চিত্রসহ তামাক ব্যবহারের ভয়াবহ চিত্র ও ক্ষতিকর দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫ কে আইনে রূপান্তরের জোর দাবি জানানো হয়।
অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বক্তব্য রাখেন।
জাতীয়
হামের চিকিৎসায় বিএমইউতে ৮ শয্যার ওয়ার্ড চালু
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বাড়ায় উন্নত চিকিৎসা নিশ্চিতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশেষায়িত হাম ওয়ার্ড চালু করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিএমইউ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমইউয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানিয়েছেন, সি ব্লকের দ্বিতীয় তলায় হামে আক্রান্ত রোগীদের জন্য আট শয্যার একটি ওয়ার্ড চালু করা হয়েছে। পাশাপাশি ওয়ার্ডটির পরিসরও সম্প্রসারণ করা হয়েছে।
এ ছাড়া হাম শনাক্তে একটি স্ক্রিনিং সেন্টার চালু করা হয়েছে।
গত বৃহস্পতিবার হাম ওয়ার্ডটি পরিদর্শন করেন পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান ও উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বর্তমানে ওয়ার্ডটিতে চারজন রোগী ভর্তি রয়েছেন। হাম পরিস্থিতি পর্যবেক্ষণে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং ২ নম্বর বহির্বিভাগে একটি স্ক্রিনিং সেন্টার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া এফ ব্লকের দ্বিতীয় তলায় একটি সম্প্রসারিত আইসোলেশন ওয়ার্ড স্থাপনেরও সিদ্ধান্ত হয়েছে।



