জাতীয়
রমজানে ব্যাংক লেনদেনের সময় পরিবর্তন
আসন্ন রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ফলে দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।
সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয় এবং ব্যাংকের অফিশিয়াল কার্যাবলি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান থাকে। রমজান মাস শেষ হওয়ার পরে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জাতীয়
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হচ্ছেন বিজন কান্তি সরকার
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাচ্ছেন সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
তিনি বলেন, ‘একটা ভালো খবর আপনাদের আমরা দিতে চাই। আমরা প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি উত্থাপন করেছিলাম—জাতীয় জীবনের নিজ নিজ ক্ষেত্রে আমাদের সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে।
আজকেই তিনি আমাদের একটা ভালো খবর দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের সম্প্রদায়ের একজন বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন। তিনি বিজন কান্তি সরকার, এখানে আমাদের সঙ্গেই আছেন।’
‘তাকে আজকেই প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন। একটু পরেই আপনারা এই সুখবরটা জানতে পারবেন’—যোগ করেন সন্তোষ শর্মা।
জাতীয়
অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
সারা দেশে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।
জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে এ সব জ্বালানি উদ্ধার করা হয় বলে জ্বালানি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি। যার পরিমাণ ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার।
এ ছাড়া অভিযানে অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার ও পেট্রোল ৭০ হাজার ৫৪ লিটার উদ্ধার করা হয়েছে।
জ্বালানি বিভাগ জানায়, অবৈধ মজুত, পাচার ও সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।
জাতীয়
মালদ্বীপকে আরো বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মালদ্বীপকে বাংলাদেশ থেকে আরো দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন। যেন দুই দেশের শ্রম সহযোগিতা আরো জোরদার হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে প্রতিমন্ত্রী ১২ মার্চ থেকে মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা ‘মালদিভিয়ান’-এর মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়টিকে স্বাগত জানান। তিনি বলেন, ‘এ উদ্যোগ দুই দেশের মধ্যে যোগাযোগ এবং জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং সার্কের আওতায় আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উভয় পক্ষ বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও শ্রমবাজারে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন।
মালদ্বীপের হাইকমিশনার তার দেশে বাংলাদেশের কর্মীদের অবদানের প্রশংসা করেন এবং বিশেষ করে স্বাস্থ্য খাতে বাংলাদেশি পেশাজীবী নিয়োগে আগ্রহ প্রকাশ করেন।
এসময় তিনি প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশে সাম্প্রতিক উচ্চপর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে মালদ্বীপের অংশগ্রহণের বিষয়টি প্রতিমন্ত্রী প্রশংসা করেন।
এমএন
জাতীয়
জ্বালানি সংকটে দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থায় দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের প্রচেষ্টায় সরকারকে সহযোগিতা করতে এই বিশেষ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে হোটেল, ফার্মেসি ও জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতাবহির্ভূত থাকবে বলেও জানানো হয়েছে।
এমএন
জাতীয়
দ্রুত ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির
৯ম পে স্কেল দ্রুত বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১ এপ্রিল) এনসিপির শিক্ষা ও গবেষণা সম্পাদক ও যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বার্তায় এই দাবি জানায় দলটি।
বার্তায় বলা হয়, বাংলাদেশে শিক্ষকসহ বিভিন্ন পেশায় সরকারি ও আধা-সরকারি প্রায় ২৩ লাখ চাকরিজীবী রয়েছেন। তাদের বেতন স্কেল সর্বশেষ বৃদ্ধি পেয়েছিল প্রায় ১১ বছর আগে, ২০১৫ সালে ৮ম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে। অথচ গত এক দশকে ৫০ শতাংশেরও বেশি মুদ্রাস্ফীতি হয়েছে। জীবনযাপনের নানামুখী ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে।
এতে আরো বলা হয়, সরকারি বেতনের অন্তর্ভুক্ত চাকরিজীবীদের দাবির প্রেক্ষিতে, গত অন্তর্বর্তী সরকারের সময়ে নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রায় ১৪৮টি সভা ও মতামত গ্রহণের মাধ্যমে গত ২১ জানুয়ারি ৯ম বেতন কমিশনের প্রস্তাব প্রদান করে। কিন্তু তা এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি, যা কোনোভাবেই প্রত্যাশিত নয়।
বার্তায় বলা হয়, জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই বিভিন্ন পেশাজীবীর অধিকার আদায়ে সোচ্চার ছিল। ৯ম পে স্কেল বাস্তবায়নের আন্দোলনেও সরকারি বেতনভুক্ত চাকরিজীবীদের আন্দোলন-সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করে জোরালো ভূমিকা রেখেছে। এরই ধারাবাহিকতায় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আজ (গতকাল বুধবার) জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি উত্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এনসিপি জানায়, ‘যেখানে সাধারণত ৫ থেকে ৬ বছরের মধ্যে বাজারমূল্যের সঙ্গে সমন্বয় করে চাকরিজীবীদের বেতন কাঠামো সংস্কার করা হয়, সেখানে ১১ বছর পর গৃহীত উদ্যোগ বাস্তবায়ন না হওয়া কোনোভাবেই কাম্য নয়। এ প্রেক্ষিতে আমরা দ্রুত সময়ের মধ্যে ৯ম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’



