সারাদেশ
জাহাজের ধাক্কায় মেঘনায় ৩০০ টন লবণ নিয়ে ট্রলারডুবি
ভোলার তুলাতুলি মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় ৩০০ টন লবণবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ১টার কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ট্রলারটি উদ্ধারের চেষ্টা করছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকার ইলিশ বাড়ি সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
ট্রলারে মাঝি মো. বেলাল উদ্দিন মাঝি ও শ্রমিক মো. আজিজ শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকালের দিকে কক্সবাজারের কুতুবদিয়া থেকে এমভি দিলোয়া-৩ নারে ট্রলারে তারা ৩০০ টন লবন বোঝাই করে খুলনার জেল খানা ঘাটের উদ্দেশ্যে রওনা করেন। পরে দুপুরের দিকে চট্টগ্রামের চ্যানেলে এসে দুপুরের খাবার খেয়ে আবারও রওনা করেন। রাত আনুমানিক আড়াইটার দিকে ভোলার তুলাতুলি এলাকার ইলিশ বাড়ি সংলগ্ন মেঘনা নদীতে আসলে ঘনকুয়াশার মধ্যে পরেন তারা। ওই সময় একটি জাহাজ তাদের ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারে পানি ঢোকতে শুরু করলে তারা তীরের দিকে চালাতে শুরু করেন। পরে র্তীরের কাছাকাছি আসলে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারের থাকা তারা ৭ আরোহী তাদের আরেকটি ছোট নৌকায় করে তীরে উঠে আসেন।
তবে এঘটনায় তাদের কেউ আহত ও নিখোঁজ হয়নি বলেও জানান তারা। কিন্তু এঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী তাদের।
এদিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম ঘটনাস্থলে গিয়েছেন। ডুবে যাওয়া ট্রলারটিতে উদ্ধারের চেষ্টা করছেন তারা।
সারাদেশ
ময়মনসিংহে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৯
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে শিশু ভর্তি ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে শিশুটি মারা যায়।
একই সময়ে নতুন করে আরও ৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে মোট ৬৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সময়ে এসব শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়। তাদের সবাইকে হাসপাতালের নির্ধারিত হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে শুক্রবার সকাল পর্যন্ত মোট ১৮১ জন শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত এই রোগে মোট ছয় শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ১৮ জন শিশু।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে অল্পসংখ্যক শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করে। তবে মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হামের লক্ষণ নিয়ে ভর্তি শিশুদের জন্য হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সারাদেশ
৬ কোটি টাকার হীরাসহ ভারতীয় নাগরিক আটক
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হীরা (হীরক) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বৃহস্পতিবার (২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে আনুমানিক ১৫৫.৭৬ গ্রাম ওজনের হীরা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি ভারতের তামিলনাড়ুর বাসিন্দা সুজাউদ্দিন (৫২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকা থেকে ডায়মন্ড সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতায় পাচারের উদ্দেশ্যে তিনি যাত্রা করেছিলেন। গত এক মাসে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতের মধ্যে একাধিকবার যাতায়াত করেছেন বলেও জানা গেছে।
উদ্ধারকৃত হীরা যশোরের একটি স্বর্ণ ও হীরা বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাথমিকভাবে পরীক্ষা করে সত্যতা নিশ্চিত করা হয়েছে। হীরা ছাড়াও তার কাছ থেকে বাংলাদেশি টাকা, ভারতীয় রুপি, মার্কিন ডলার, থাই বাথ, একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ঘড়ি উদ্ধার করা হয়।
সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত মালামাল যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সারাদেশ
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুতের ১৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এতে বন্ধ থাকা ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৪টার দিকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এরপর সিলেটগামী পারাবত এক্সপ্রেস দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রম করে যাত্রা পুনরায় শুরু করে।
এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশন অতিক্রমকালে চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেলবাহী একটি মালবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি পাশের খালে পড়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক কামরুজ্জামান জানান, দুর্ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। টানা প্রায় ১৯ ঘণ্টার প্রচেষ্টায় লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়া সম্ভব হয়। এরপর বিকাল ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটের একাধিক যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে বিকালে ট্রেনগুলো ধীরে ধীরে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার লিটন চন্দ্র দে জানান, সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও বিলম্বে সকাল ৯টায় ছেড়ে শায়েস্তাগঞ্জ জংশনে এসে আটকে ছিল। অপরদিকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস হরষপুর স্টেশনে থেমে ছিল, যা পরবর্তীতে গন্তব্যের উদ্দেশে রওনা হয়।
দুর্ঘটনায় প্রায় ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়া ট্যাংকার থেকে ডিজেল ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তা সংগ্রহের জন্য ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
এ ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে মেহেদী হাসানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে আরও একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যাদের পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাদেশ
‘জঙ্গি এমপি’ বলার তদন্ত দাবি হানজালার, নোটিশ দিতে বললেন স্পিকার
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালাকে ‘জঙ্গি এমপি’ সম্বোধন করায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে তদন্তের দাবি জানানো হলে স্পিকার তাকে নোটিশ দেওয়ার পরামর্শ দেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনের জনগুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপণ পর্বে দাঁড়িয়ে তিনি বলেন, ‘সম্ভবত আমার পোশাক, আমার পাগড়ি- এসবের কারণেই আমাকে জঙ্গি শুনতে হয়েছে।’
সংসদ ভবন এলাকার ভেতর একজন সংসদ সদস্যকে এভাবে ‘জঙ্গি এমপি’ সম্বোধন বিষয়ে সিসি ক্যামেরা দেখে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান তিনি।
পরে স্পিকার এ বিষয়ে এমপি হানজালাকে নোটিশ দেয়ার পরামর্শ দেন।
একই সময় সংসদ সদস্য রুমিন ফারহানাও অভিযোগ করেন, আমাকেসহ নারী এমপিদের বিরুদ্ধে কুৎসিত বক্তব্য দেয়া হয়েছে, তার প্রতিকার চাই।
সারাদেশ
সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১১ ঘণ্টা বন্ধ রেল যোগাযোগ
হবিগঞ্জের মাধবপুরে চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী জ্বালানি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কয়েকটি বগি উল্টে গেছে। তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ১১ ঘণ্টা পার হয়ে গেলেও সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী ১৬ বগির একটি ডিজেলবাহী ট্রেন মনতলা এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়। এতে অন্তত ৫টি ওয়েল ট্যাংকার বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি পাশের একটি সেতু থেকে ছিটকে খালে পড়ে যায়। দুর্ঘটনায় প্রায় ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার পর ট্যাংকারগুলো থেকে বিপুল পরিমাণ ডিজেল বের হতে থাকে। এ সময় স্থানীয় কিছু মানুষ জ্বালানি তেল সংগ্রহের জন্য ঘটনাস্থলে ভিড় জমায়। পরে পুলিশ, বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম ডালিম জানান, রাতে বিকট শব্দে কয়েকটি তেলবাহী বগি লাইন থেকে ছিটকে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মেহেদী হাসানকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় ম্যানেজার এবিএম কামরুজ্জামান। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ট্রেনের গতি ও রেললাইনের ত্রুটিসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বগিগুলোতে প্রায় দুই লাখ লিটার ডিজেল ছিল, যার মধ্যে ২০ থেকে ৩০ শতাংশ জ্বালানি নষ্ট হয়েছে। এরই মধ্যে দুটি বগি উদ্ধার করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণে সিলেট-ঢাকা রুটের উপবন এক্সপ্রেস, সিলেট-চট্টগ্রাম রুটের উদয়ন এক্সপ্রেস এবং চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে।
রেলওয়ে কর্মকর্তারা জানান, উদ্ধার কাজ শেষ করে রেললাইন স্বাভাবিক করতে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।



