আবহাওয়া
কুয়াশার দাপট থাকবে আগামী পাঁচ দিন
আগামী পাঁচদিন দেশের আবহাওয়ায় কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
এতে সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহের প্রভাব আরও বিস্তৃত হতে পারে এবং আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া প্রথম দিনের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এদিন সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দ্বিতীয় দিন শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এদিনও কুয়াশার কারণে যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তৃতীয় দিন রোববার (৪ জানুয়ারি) থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
চতুর্থ দিন সোমবার (৫ জানুয়ারি) এবং পঞ্চম দিন মঙ্গলবার (৬ জানুয়ারি) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এ সময়ও সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পঞ্চম দিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী দিনগুলোতে সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে।
আবহাওয়া
ঢাকাসহ ২৭ জেলায় দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বাড়ছে তাপমাত্রা। সম্প্রতি ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির পরও বেড়েছে তাপমাত্রা। এ অবস্থায় দেশের ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চুয়াডাঙ্গায় শুক্রবার দেশের সর্বোচ্চ ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
সংস্থাটি বলছে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী বিভাগের ৮ জেলা এবং খুলনা বিভাগের ১০ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। তবে পরবর্তী ২৪ ঘণ্টায় বিরাজমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
এছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আগামী দুদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। যদিও শনিবার (৪ এপ্রিল) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর পরবর্তী কয়েক দিন তাপমাত্রা সামান্য কমতে পারে। এর মধ্যে রোববার (৫ এপ্রিল) রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি এবং মঙ্গলবার (৭ এপ্রিল) দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর বুধবার (৮ এপ্রিল) দিনের তাপমাত্রা ফের বাড়তে পারে।
এদিকে, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস বলছে, সিলেট বিভাগের দুয়েক জায়গায় আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি আগামী এক সপ্তাহ বিভিন্ন বিভাগে বাড়তে পারে। তবে আগামী রোববার সন্ধ্যা থেকে পরবর্তী কয়েক দিন কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে।
আবহাওয়া
এপ্রিলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়
চলতি এপ্রিল মাসজুড়ে দেশে ৬টির মতো তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া একটি ঘূর্ণিঝড়ও আঘাত হানার শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ সময় কালবৈশাখী ও বজ্রঝড়েরও শঙ্কা রয়েছে। দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫-৭ দিন হালকা ও মাঝারি এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এ ছাড়া চলতি মাসে দেশের ওপর দিয়ে ৬টির মতো তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২-৪ টি মৃদু (৩৬-৩৭.৯° সেলসিয়াস)/মাঝারি (৩৮-৩৯.৯° সেলসিয়াস) এবং ১-২টি তীব্র (৪০-৪১.৯° সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
একই সময়ে বঙ্গোপসাগরে ১-২ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এ ছাড়া এপ্রিলে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।
আবহাওয়া
ঢাকাসহ ৪ জেলায় রাতে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকসহ দেশের ৪ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, পাবনা, ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর- পশ্চিম থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সিলেট বিভাগে এ পরিস্থিতি আগামী দুদিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া
টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই লঘুচাপের প্রভাবে টানা তিনদিন অস্থায়ী ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে।
বুধবার (১ এপ্রিল) সকালে আগামী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুসারে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড় ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
পরদিন বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড় ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে ঝড় ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এ সময়ে।
এরপর রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে ঝড় ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া
রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ ছাড়া, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে দেশের সব বিভাগে আগামী কয়েক দিন অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে আগামী দুদিন কোথাও কোথাও শিলাবৃষ্টিরও শঙ্কা রয়েছে।



