জাতীয়
বিটিআরসির নতুন মহাপরিচালক শাহজাদ পারভেজ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে, বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামানকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জাতীয়
২৩৬ জন সংসদ সদস্য কোটিপতি, ১৩ জন শত কোটিপতি: টিআইবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ীদের মধ্যে ২৩৬ জন কোটিপতি এবং ১৩ জন শত কোটিপতি রয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
এ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের গড় বয়স ৫৯ বছর বলেও জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলছে, এবার এমপিদের বয়সভিত্তিক হার হলো: ২৫–৩৪ বছর বয়সি ৩ দশমিক ৩ শতাংশ, ৩৫–৪৪ বছর বয়সি ৬ দশমিক ৭৩ শতাংশ, ৪৫–৫৪ বছর বয়সি ১৮ দশমিক ৮৬ শতাংশ, ৫৫–৬৪ বছর বয়সি ৩৩ দশমিক ৬৭ শতাংশ এবং ৬৫ বছরের বেশি বয়সি ৩৬ দশমিক ৩ শতাংশ।
সংবাদ সম্মেলনে টিআইবি উল্লেখ করে, এবার প্রথমবারের মতো এমপি হয়েছেন ২০৯ জন। সম্ভাব্য সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা— দুজনই প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন।
এমএন
জাতীয়
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
এ সময় প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়, সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএন
জাতীয়
মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা
নতুন মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত আছে বলে জানিয়েছেন গৃহাযণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। নতুন প্রধানমন্ত্রী যেখানে পছন্দ করবেন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এদিন সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিদায়ের সুর। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কেউ কেউ। অপরদিকে, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজনে তৎপর মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য অধিদফতর।
এরইমধ্যে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরইমধ্যে প্রজ্ঞাপণও জারি করা হয়েছে।
আজ রাষ্ট্রপতির আদেশক্রমে সনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ড. নাসিমুল গণি স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছিলেন।
এমএন
জাতীয়
নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি
নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিস্তারিত আসছে…
এমএন
জাতীয়
পে স্কেল বাস্তবায়নে প্রথম সভা, আলোচনায় যেসব বিষয়
নবম পে স্কেল প্রণয়নে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে। এর আগে অন্তর্বর্তী সরকার— জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর দাখিল করা প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশের জন্য এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদনের জন্য সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করে।
তৎকালীন মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে গঠন করা এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন— জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)।
এ কমিটি প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। সেই কাজের জন্যই প্রথম বৈঠকে বসেন কমিটির সদস্যরা।
গত বছরের ২৭ জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই বেতন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।
এদিকে, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলমান অবস্থায় পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারি চাকরিজীবীরা নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন। নতুন সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে তারা তাদের দাবি বাস্তবায়নের আবেদন করবেন।
গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, ‘নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে তারেক রহমানের সঙ্গে সাক্ষৎ করব। তিনি আমাদের দাবি বাস্তবায়নে ফলপ্রসূ সিদ্ধান্ত নেবেন বলে আশা করি।’ এর আগে তার নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে তারেক রহমানের দপ্তরে আবেদন করা হয়।
এমএন



