জাতীয়
নাসীরুদ্দীনের আছে ২৫ লাখ টাকা, স্বামী-স্ত্রীর ২২ লাখ টাকার গহনা
জামায়াতে ইসলামীর জোট থেকে ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। হলফনামায় তিনি দেখিয়েছেন তার হাতে বর্তমানে নগদ ২৫ লাখ টাকা আছে। পাশাপাশি স্বামী-স্ত্রী মিলে তাদের ২২ লাখ টাকার গহনা আছে।
হলফনামায় পেশা হিসেবে মার্কেটিং কনসালটেন্ট উল্লেখ করেছেন তিনি। তার নামে কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। ২ লাখ ৪৫ হাজার ৩৩৩ টাকা আয় দেখিয়েছেন। তার হাতে নগদ ২৫ লাখ টাকা এবং স্ত্রীর নামে ৫ লাখ টাকা রয়েছে।
ব্যাংকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ৮ হাজার ২৭৫ টাকা জমা আছে, তবে স্ত্রীর নামে আছে ৬ লাখ ১৯ হাজার ৯৮০ টাকা। ৪০ হাজার টাকার ইলেকট্রিক পণ্য ও আসবাবপত্র আছে এক লাখ টাকা। বর্তমানে ৪০ লাখ টাকার সম্পদ রয়েছে।
তিনি ব্যাংক থেকে কোনো ঋণ গ্রহণ করেননি। আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ২৬ লাখ ৩০ হাজার টাকা।
এমকে
জাতীয়
তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপান কনসোর্টিয়ামকে দায়িত্ব দিতে চায় সরকার
সরকার আলোচনার মধ্যে দিয়ে দেশের স্বার্থ ঠিক রেখে জাপান কনসোর্টিয়ামকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় বলে জানিয়েছেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা।
শুক্রবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপাক্ষিক আলোচনার পর তিনি এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, ওপেন টেন্ডার ছাড়াই চলতি বছরের মধ্যেই তৃতীয় টার্মিনাল চালু হবে। দীর্ঘ আলোচনার পরই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দুপক্ষের আলোচনা আরও চলবে।
সূত্রে জানা গেছে, এ সিদ্ধান্ত দেশের এভিয়েশন খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সিদ্ধান্তের পর আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করতে প্রায় তিন মাস সময় লাগবে এবং টার্মিনাল পুরোপুরি চালু হতে আরও ছয় মাস সময় লাগতে পারে। তবে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এই টার্মিনালে বিদেশগামী যাত্রীদের জন্য বাড়বে ব্যয়ের বোঝা। টিকিটপ্রতি অতিরিক্ত এক হাজার টাকা গুনতে হতে পারে তাদের। একই সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমেও আসছে কাঠামোগত পরিবর্তন, যেখানে রাষ্ট্রীয় বিমান সংস্থার একক নিয়ন্ত্রণ আর থাকছে না বলে জানা গেছে।
২০২৩ সালের অক্টোবরে আংশিক উদ্বোধনের পরের বছরই সম্পূর্ণভাবে চালু হওয়ার কথা ছিল দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় প্রকল্প শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের। কিন্তু অপারেটর নিয়োগ ব্যর্থতায় প্রায় তিন বছর ধরে অবহেলায় পরে আছে ২২ হাজার কোটি টাকার প্রকল্পটি।
১৫ বছরের জন্য টার্মিনালটি জাপানের পরিচালনা করার কথা ধাকলেও অন্তর্বর্তী সরকারের সময়ে সেই আলোচনা থেমে যায়। তবে বর্তমান সরকার ক্ষমতায় এসে ফের জাপানের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়।
আগামী সোমবার (৬ এপ্রিল) থার্ড টার্মিনাল নিয়ে ফের দুপক্ষের বৈঠক করার কথা রয়েছে।
জাতীয়
বাহরাইনে নিহত বাংলাদেশির মরদেহ ঢাকায় ফিরছে আজ
বাহরাইনে মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারানো বাংলাদেশি নাগরিক এস এম তারেক আলীর মরদেহ দেশে ফিরছে।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তার মরদেহ বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে।
নিহতের মরদেহ গ্রহণের জন্য বিমানবন্দরে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানী মানামার কানু মসজিদে মোহাম্মদ তারেকের জানাজা অনুষ্ঠিত হয়। পরে দূতাবাসের উদ্যোগে শুক্রবার গালফ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তার মরদেহ সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
গত ২ মার্চ স্থানীয় সময় সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের ওপর পড়লে তার আঘাতে এস এম তারেক আলীর মৃত্যু হয়। এতে আরো দুজন বাংলাদেশি আহত হন।
জাতীয়
সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে বেড়েছে জ্বালানি তেলের সরবরাহ। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘ইয়ান জিং হে’ (YAN JING HE)।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতেই মালয়েশিয়া থেকে আরো ৩৪ হাজার টন ডিজেল নিয়ে নোঙর করবে দ্বিতীয় আরেকটি জাহাজ।
জাহাজ দুটির শিপিং এজেন্ট ‘প্রাইড’-এর স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, সিঙ্গাপুর থেকে আসা প্রথম জাহাজটি বর্তমানে ডলফিন জেটিতে বার্থিংয়ের অপেক্ষায় আছে।
রাতে মালয়েশিয়া থেকে আসা দ্বিতীয় জাহাজটি যুক্ত হলে একদিনেই মোট ৬১ হাজার টন ডিজেল বন্দরে এসে পৌঁছাবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ইয়ান জিং হে’ জাহাজটিকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আজ রাতে ‘শান গ্যাং ফা জিয়ান’ (SHAN GANG FA ZHAN) নামের আরো একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভিড়বে। এ ছাড়া আগামীকাল শনিবার একটি এলএনজি পরিবাহী জাহাজ আসার শিডিউল রয়েছে। দেশের জ্বালানি চাহিদা মেটাতে আমরা দ্রুততার সঙ্গে এসব পণ্য খালাসের ব্যবস্থা করছি।
জাতীয়
জুলাই সনদ নিয়ে অপরাজনীতি বরদাশত করা হবে না: চিফ হুইপ
জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, বিএনপি এই সনদের পক্ষে রয়েছে এবং এর প্রতিটি অক্ষর বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ।
শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ মনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং এ লক্ষ্যেই দল কাজ করছে।
তিনি দাবি করেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসে বিএনপি এই সনদ বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে।
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, তারা একের পর এক অবস্থান বদলাচ্ছে, কখনো স্থানীয় সরকার নির্বাচন, কখনো সংস্কার, আবার কখনো সংবিধান পরিবর্তনের দাবি তুলছে। এসব দাবি পরাজয়ের প্রতিক্রিয়া বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে তারা পিআর (আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন) ব্যবস্থা চেয়েছিল। আমেরিকা, ইংল্যান্ড বা আমাদের পাশের দেশ ভারতের মতো বড় গণতান্ত্রিক দেশগুলোতেও এই ব্যবস্থা নেই। তারা বলছিল পিআর না দিলে নাকি নির্বাচন হতে দেওয়া হবে না। কিন্তু আমরা তখন স্পষ্ট বলেছি, কোনো বিশেষ অযৌক্তিক দাবি বাস্তবায়নের অজুহাতে নির্বাচন আটকে রাখা যাবে না।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এর বিরোধিতা করেনি; বরং কিছু ভিন্নমত দিয়েছে, যা সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে।একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনা হবে।
দলের নেতৃত্বের প্রশংসা করে মনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সুশাসনের একটি উদাহরণ তৈরি হয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
জাতীয়
গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ আপাতত বন্ধ
সরকারের পরিচালন ব্যয় কমাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ এবং সরকারি অর্থায়নে সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে।
মন্ত্রিসভা বৈঠক নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের পরিচালন ব্যয় কমাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ প্রদান এবং সরকারি অর্থায়নে সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে। প্রশিক্ষণ ব্যয় ছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে। সভা/সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ, সেমিনার/কনফারেন্স ব্যয় ২০ শতাংশ এবং ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমাতে হবে।
উল্লেখ্য, প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা (উপসচিব ও এর ওপরের কর্মকর্তা) সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি ক্রয় করতে পারেন। ‘প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা, ২০২০’ অনুযায়ী এ সুবিধা দেওয়া হয়।
নীতিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা শুধু ঋণ সুবিধাই নয়, গাড়ির রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনের জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা করে ভাতা পান। এ ছাড়া, গাড়ির জন্য প্রতি বছর ১০ শতাংশ হারে অবচয় সুবিধাও প্রযোজ্য রয়েছে।



