ক্যাম্পাস টু ক্যারিয়ার
মেডিকেলেও ছাত্র সংসদ চায় শিবির, সাড়া নেই প্রশাসনের
স্বায়ত্তশাসিত চারটির পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সারাদেশের কলেজগুলোতেও এই সংসদ সচল করার দাবি জানিয়ে আসছেন ছাত্র সংগঠন ও চার সংসদে নির্বাচিত প্রতিনিধিরা। তবে অতীতে মেডিকেল কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হলেও বর্তমানে এ নিয়ে কোনো সাড়াশব্দ নেই কারো পক্ষেই। অবশ্য কিছুটা প্রস্তুতি এগি নিয়েছে ছাত্রশিবির।
জানা গেছে, ১৯৯০ সালের পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত হয়ে যায়। তবে এরপরেও মেডিকেল কলেজগুলোতে নির্বাচনের ধারাবাহিকতা ছিল। বিশেষ করে ঢাকার ২টিসহ পুরনো ৯টি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ঐতিহ্য ফুরিয়েছে খুব বেশিদিন হয়নি।
সুস্পষ্ট তথ্য না থাকলেও ছাত্র সংগঠন সংশ্লিষ্টরা বলছেন, সর্বশেষ ২০০৪ সালে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদ এবং ২০০৬ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। ঢাকার তুলনামূলক নতুন মুগদা ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নির্বাচনের পরিবেশ কখনও তৈরি হয়নি। এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজে সর্বশেষ ২০১১ সালের দিকে ছাত্র সংসদ নির্বাচনের তথ্য পাওয়া যায়। তবে তুলনামূলক সাম্প্রতিককালে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে। সর্বশেষ ২০১৯ সালে এই মেডিকেলে ছাত্র সংসদ নির্বাচন হয়, যদিও প্রায় এক দশক ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসছিল তৎকালীন সরকারি ছাত্র সংগঠন ছাত্রলীগ।
সংশ্লিষ্টরা বলছেন, সর্বশেষ ২০১১-২০১২ সালের দিকে ছাত্র ইউনিয়ন ও ছাত্র শিবির ও স্বতন্ত্র একজন চমেকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিল। ২০১২-২০১৩ সেশনে ছাত্র শিবির নির্বাচনে প্যানেল জমা দিলেও ছাত্রলীগের হুমকির মুখে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। এরপর থেকে ২০১৯-২০ সেশন পর্যন্ত একক প্যানেল দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চমেকসুতে গঠন করে সংগঠনটি।
ছাত্র সংগঠন ও মেডিকেল কলেজগুলোর শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রলীগের আধিপত্যের সময়ে মেডিকেল কলেজগুলোতে নিপীড়নের নির্মমতায় শিক্ষার্থীরা এখনও এক ধরনের ট্রমায় রয়েছেন। ফলে কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধে বেশ সরব তারা। কিন্তু রাজনীতি নিষিদ্ধে যতটা সোচ্চার, নিজেদের অধিকার আদায়ের প্লাটফর্ম ছাত্র সংসদের দাবিতে তেমন একটা উচ্চকণ্ঠ দেখা যায় না তাদের। বেশ কিছু মেডিকেলে ছাত্র রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে। ছাত্র সংগঠনগুলোও এ ব্যাপারে কিছুটা ধীরগতিতে চলছে।
উদাসীন কলেজ প্রশাসন
ছাত্র সংগঠনগুলোর নীরবতায় উদাসীন দেশের মেডিকেল কলেজগুলোর প্রশাসন। ঢাকা, স্যার সলিমুল্লাহ ও চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলেও নির্বাচিত প্রতিনিধি নিয়ে কোনো আলোচনা হয়নি দেড় বছরেও। এমনকি মেডিকেলগুলোতে ব্যাচভিত্তিক প্রতিনিধি নির্বাচনের ঐতিহ্য থাকলেও কোনো কোনো মেডিকেল কলেজে এ প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে।
ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম বলেন, এই মুহূর্তে ছাত্র সংসদ নিয়ে কোন আলোচনা নেই। কোনো পক্ষেই কেউ আমাদেরকে এ নিয়ে প্রস্তাব দেয়নি। ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম বলেন, এরকম চিন্তাভাবনা এখনো আসেনি। সংসদ নির্বাচনও খুব কাছাকাছি চলে এসেছে। এই অবস্থায় হয়তো আর কোন কার্যক্রম হচ্ছে না।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল শাহীন বলেন, আমাদের এই মুহূর্তে ছাত্র সংসদের কোন পরিকল্পনা নাই। আর এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকে কলেজের একাডেমিক কাউন্সিল। বিগত একাডেমিক কাউন্সিলগুলোতে এরকম কোনো এজেন্ডা কেউ প্রস্তাব করেনি।
উদাসীন অন্যরা, প্রস্তুতিতে এগিয়ে ছাত্রশিবির
অপরাপর ছাত্র সংগঠনের তুলনায় ছাত্রশিবির মেডিকেল সংসদ নির্বাচন নিয়ে বেশ এগিয়ে রয়েছে। ইতোমধ্যে খসড়া গঠনতন্ত্র প্রস্তাবনাও প্রস্তুত করেছে সংগঠনটি। ছাত্রশিবিরের ঢাকার স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমন্বিত শাখা ‘মেডিকেল জোন’ এর সভাপতি ডা. যায়েদ আহমাদ বলেন, অতীতে বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের সংসদ থেকেও জাতীয় নেতৃত্ব উঠে এসেছে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঢাকা মেডিকেলের দু’বারের নির্বাচিত জিএস ছিলেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের থেকে ছাত্র সংসদ বাবদ ফি নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের ছাত্র সংসদগুলো বন্ধ রয়েছে। এমনকি এ নিয়ে আমরা সুস্পষ্টভাবে কোনো গঠনতন্ত্রও পাইনি। সম্প্রতি নিজ উদ্যোগে আমরা একটা গঠনতন্ত্র প্রস্তাবনা তৈরি করেছি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মেডিকেলগুলোতে গিয়ে গিয়ে কলেজ প্রশাসনকে এই প্রস্তাবনা দেওয়ার পরিকল্পনা আছে। এই প্রস্তাবনায় ক্যাম্পাস কিভাবে চলবে তার রূপরেখা থাকবে।
এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব উদ্দীন রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি। সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে তাকেও পাওয়া যায়নি।
জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, সব বিশ্ববিদ্যালয়-কলেজেই ছাত্র সংসদ চাই আমরা। তবে এখন পর্যন্ত বড় চারটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে। আর কয়েকটিতে নির্বাচনের প্রক্রিয়া চলমান। এসবে হলে পরবর্তীতে আমরা মেডিকেলের ছাত্র সংসদে জোর দিতে পারব।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
সিটি ব্যাংকে নিয়োগ, আবেদনে নেই বয়সসীমা
দ্য সিটি ব্যাংক পিএলসিতে ‘অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার/রিলেশনশিপ ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: দ্য সিটি ব্যাংক পিএলসি
বিভাগের নাম: মিডিয়াম বিজনেস
পদের নাম: অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার/রিলেশনশিপ ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ৪ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৫ মার্চ ২০২৬
ক্যাম্পাস টু ক্যারিয়ার
ঢাবিতে অধ্যয়নরত সখিপুর থানা শিক্ষার্থীদের সংগঠন ‘বালুচর’-এর নতুন কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত শরীয়তপুর জেলার সখিপুর থানার শিক্ষার্থীদের সংগঠন ‘বালুচর’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নাজিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. সুমন হোসাঈন নির্বাচিত হয়েছেন।
গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনের এক বিশেষ সভায় নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটি আগামী এক বছর সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের গতিশীলতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
এমএন
ক্যাম্পাস টু ক্যারিয়ার
ইবিতে ছাত্রশিবিরের আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতার আয়োজন
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা-২০২৬’ এর আয়োজন করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় আর্থিক পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানানো করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে, আগামী ১৫ রমজান (৫ মার্চ ২০২৬) পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশন সম্পন্নকারী ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানে পরীক্ষার সার্বিক আপডেট ও নির্দেশনা প্রদান করা হবে।
আগামী ২৩ রমজান (১৩ মার্চ) বিকেল ৩টা থেকে ৩ টা ৪০ মিনিট পর্যন্ত ৪০ মিনিটের একটি ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সিলেবাসে রয়েছে সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা নূর এবং সূরা যিলযাল এবং তাফসীর গ্রন্থ হিসেবে তাফহীমুল কুরআন নির্ধারণ করা হয়েছে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ৪ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকে পাবেন ১ হাজার টাকা করে পুরস্কার।
উল্লেখ্য, পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের মাঝে কুরআনের জ্ঞান, অর্থ ও ব্যাখ্যা গভীরভাবে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে বলে শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়।
এমএন/ মো. সাকিব আসলাম
ক্যাম্পাস টু ক্যারিয়ার
পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাঁর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে তাঁর পদত্যাগপত্র হস্তান্তর করেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপাচার্য মহোদয় রবিবার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। যদিও মন্ত্রণালয় থেকে এখনও কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপাচার্য ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন। নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে জানান শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে ঢাবি উপাচার্য বলেছিলেন, আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমি এখন মনে করছি, দায়িত্ব পালনের পর্বে আমরা একটা ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।
ওই সময় তিনি বলেন, এখন এই মুহূর্তে যেন কোনো শূন্যতা না হয়, ধারাবাহিকতা যেন কোনো অসুবিধায় না পড়ে, বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার, সে জন্য যদি সরকার ও অংশীজনেরা মনে করেন আরও কিছু সময় এই ধারাবাহিকতার প্রশ্নে, হঠাৎ শূন্যতা যেন না হয়, সেই প্রশ্নে যদি তারা কিছু সময় নিতে চান, আমি সেটি বিবেচনা করতে রাজি আছি।
সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য আরও বলেছিলেন, আমি সরে দাঁড়াতে চাই যেন রাজনৈতিক সরকার তার মতো করে তার প্রশাসন সাজিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে যদি তাদের আমার কোনো সহযোগিতা দরকার হয়, আমি যেকোনো সময় প্রস্তুত আছি। তার ভাষ্য, আমি সরকারকে অনুরোধ করব—আমাকে যত দ্রুত সম্ভব আমার ডেপুটেশন থেকে অবহিত দিয়ে শিক্ষকতার মূল কাজ আমার বিভাগে ফেরত যাওয়ার যেন অনুমতি দেওয়া হয়।
এমএন
ক্যাম্পাস টু ক্যারিয়ার
শিক্ষার উন্নয়নে ‘পোল ভল্ট জাম্প’ দিতে হবে
শিক্ষাকে জাতি গঠনের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার উন্নয়নে হাইজাম্প নয়—পোল ভল্ট জাম্প দিতে হবে।
মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথমদিনে গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে হাইজাম্প নয়; আরও বড় জাম্প দিতে হবে। পোল ভল্ট জাম্প দিয়ে শিক্ষায় পরিবর্তন আনতে হবে। আমাদের যুগোপযোগী শিক্ষার ব্যবস্থা করতে হবে। এর আগে আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে অনেক ভালোবাসেন। তিনি শিক্ষাকে বেশি গুরুত্ব দেবেন।
শিক্ষা খাতে দুর্নীতি ও নিয়োগ সিন্ডিকেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০০১-২০০৬ মেয়াদে যেমন স্বচ্ছতা ছিল, এবারও কোনো অনিয়ম সহ্য করা হবে না। আমরা দুর্নীতি বন্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ। দুর্নীতি অনিয়ম বন্ধে আমরা জনগণ ও মিডিয়ার কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত।




