রাজনীতি
৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়ের করা চারটি হত্যা মামলাসহ মোট ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গত বছরের ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তারপর থেকে তিনি কারাগারেই আছেন। পরে আরও চারটি মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ।
মামলাগুলো হলো—বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মো. ইয়াছিন হত্যা মামলা, পারভেজ হত্যা মামলা এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলা।
এর মধ্যে প্রথম চারটি মামলায় নিহতের পরিবারের সদস্যরা বাদী এবং ফতুল্লা মডেল থানায় দায়ের করা। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে এবং ভুঁইগড়, দেলপাড়া এলাকায় গুলিতে নিহত হন বিভিন্ন বয়সী এ চারজন।
অপর মামলাটি সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে করেছে। আইভীর বাসভবন ‘চুনকা কুটির’-এ গত ৮ মে পুলিশ অভিযান চালায়। ওই সময় পুলিশের গাড়িতে ইট-পাটকেল ছোড়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ কারণে পুলিশ গত ১২ মে এই মামলাটি করেছে। আইভীর সমর্থক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও এ মামলায় আসামি করা হয়।
এমএন
রাজনীতি
ব্যবসায়ীকে গভর্নর নিয়োগে জামায়াতের উদ্বেগ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক বিবেচনায় একজন ব্যবসায়ীকে নিয়োগ দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই সিদ্ধান্তকে ‘মেধাতন্ত্র ও দক্ষ প্রশাসনের পরিপন্থী’ বলে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ কোনো আনুষ্ঠানিক বা অলংকারমূলক দায়িত্ব নয়। এটি একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি, যার ওপর নির্ভর করে মুদ্রানীতির স্থিতিশীলতা রক্ষা, ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং সর্বোপরি দেশীয় ও আন্তর্জাতিক আস্থা গড়ে তোলা।
জুলাইয়ের গণআন্দোলনের পর যখন মানুষ কাঠামোগত পরিবর্তনের দাবি তুলেছিল, তখন যোগ্যতা ও মেধাভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত ছিল। কোটা আন্দোলন কেবলই কোটার প্রশ্ন ছিল না; এটি ছিল মূলত মেধাতন্ত্র ও দক্ষ প্রশাসনের দাবিতে এক ঐতিহাসিক পদক্ষেপ।
কিন্তু নতুন বাংলাদেশ ব্যাংক গভর্নরের নিয়োগ সেই প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত বার্তা দিচ্ছে। দেশের ইতিহাসে এই প্রথম একজন শিল্পপতিকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে বসানো হলো, যার প্রতিষ্ঠানের প্রায় ৮৯ কোটি টাকা (সাত মিলিয়ন ডলারের বেশি) ঋণ বিশেষ নীতিমালার আওতায় পুনঃতফসিল করা হয়েছিল নিয়োগের অল্প সময় আগে। তিনি আবার বর্তমান শাসক দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যও ছিলেন। ইতোমধ্যে জ্যেষ্ঠ ব্যাংকাররা স্বার্থের সংঘাত ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যে ব্যক্তি নিজেই ঋণ পুনঃতফসিলের সুবিধাভোগী, তাকে পুরো ব্যাংকিং খাতের নিয়ন্ত্রকের আসনে বসানো হলে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক।
শক্তিশালী, স্বাধীন এবং দক্ষ নেতৃত্বসম্পন্ন প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশের অগ্রযাত্রা সম্ভব নয় । রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নিয়োগ, মেধা ও যোগ্যতাকে উপেক্ষা করে নেওয়া সিদ্ধান্ত – দেশীয় আস্থা যেমন নষ্ট করে, তেমনি আন্তর্জাতিক মহলেও আস্থার সংকট তৈরি করে। একটি মাঝারি আকারের প্রতিষ্ঠান পরিচালনায় যিনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন, তিনি কীভাবে একটি পুরো দেশের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবেন; এই প্রশ্ন আজ স্বাভাবিকভাবেই উঠছে।
যখন দেশের অর্থনীতি সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্বাসযোগ্যতা, পেশাদারিত্ব এবং মেধাভিত্তিক নেতৃত্ব, এমন এক সময় বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার অবসানের সংকেত দিতে পারে এই সিদ্ধান্ত।
এমএন
রাজনীতি
ফোন করে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে ফোনকলে তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ‘প্রধানমন্ত্রী আমাদের আমির ডা. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর শুনে কুশল জিজ্ঞেস করেন। এরপর তিনি ফোনে কথা বলার আগ্রহ প্রকাশ করলে আমি জামায়াত আমিরের কাছে ফোন দেই। পরে তিনি ফোনকলে আমিরে জামায়াতের সঙ্গে কুশল বিনিময় করেন।’
এ সময় প্রধানমন্ত্রীকে জামায়াত আমির ইফতারের দাওয়াত দেন বলেও উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘আমাদের আমির তাকে (প্রধানমন্ত্রীকে) সপরিবারে, তার স্ত্রী ও কন্যাকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। উভয়কেই আমরা দাওয়াতপত্র দিয়েছি। তিনি সেটা গ্রহণ করেছেন।’
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার কথা ছিল জামায়াতের আমির শফিকুর রহমানের। যাত্রাপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে আজ তার স্বাস্থ্যের পরিস্থিতি ভালো আছে। দুপুরে তিনি বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেন।
এমএন
রাজনীতি
দুর্নীতির টুঁটি চেপে ধরার প্রতিশ্রুতি দিয়ে সরকার চাঁদাবাজির বৈধতা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির টুঁটি চেপে ধরার প্রতিশ্রুতি দিয়ে আসলে চাঁদাবাজির বৈধতা দিচ্ছে। তিনি বলেন, সরকারের সড়ক পরিবহন মন্ত্রী বলছেন সমঝোতার ভিত্তিতে চাঁদা নিলে সেটি চাঁদাবাজি হবে না! এর অর্থ সরকার চাঁদাবাজদের উৎসাহ দিচ্ছে। কিসের সমঝোতার ভিত্তিতে চাঁদা দেওয়া যাবে, তা জাতিকে স্পষ্ট করতে হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শাহজাহানপুর পূর্ব থানা জামায়াত ইসলামীর উদ্যোগে ইফতার ও সেহরির ফুড প্যাকেট বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রমজানের তাৎপর্য তুলে ধরে ড. হেলাল উদ্দিন বলেন, রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জন এবং আত্মশুদ্ধির মাস। নিজের ভুলত্রুটির জন্য তাওবা করে সংশোধন হয়ে দ্বীনের মতে ফিরে আসার এক সুবর্ণ সুযোগ রমজান মাস। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। তিনি সরকারদলীয় ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধের দাবি জানান এবং প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও মানুষকে স্বস্তি দেওয়ার আহ্বান জানান।
ড. হেলাল উদ্দিন বলেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু জনগণ হ্যাঁ ভোট দেওয়ার পর বিএনপি নির্বাচিত হয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। খুনি হাসিনা যেই সংবিধানের দোহাই দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে সেই একই সংবিধানের দোহাই দিয়ে বিএনপি জাতির সঙ্গে ভন্ডামি শুরু করেছে। জাতি কোনো প্রতারণা আর ভন্ডামি মেনে নেয় না, নেবে না।
ড. হেলাল উদ্দিন বলেন, সংবাদপত্র হাতে নিলেই দেখা যায় সারাদেশে চাঁদার জন্য মানুষ হত্যা করা হচ্ছে। রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় লেগুনা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। অথচ ঐ ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
তিনি আরও বলেন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সংবাদ সম্মেলন করে জানিয়েছে ‘‘চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে চলে যাবে”! যখন ব্যবসায়ীদের একটি বৃহৎ সংগঠন এই ঘোষণা দেয় তখন বুঝার বাকি থাকে না চাঁদাবাজি কোন পর্যায়ে গিয়ে পৌঁছিয়েছে। তিনি সন্ত্রাস-চাঁদাবাজ দমনে সরকারকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার আহ্বান জানিয়ে বলেন, যদি দলীয় নেতাকর্মীদের সন্ত্রাসী আর চাঁদাবাজি বন্ধ করতে না পারেন তবে দেশ ছেড়ে আবারও পালিয়ে যেতে হতে পারে।
মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন চঞ্চল এবং বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার রেজাউল আলীম সুজন। আরও বক্তব্য রাখেন থানা কর্মপরিষদ সদস্য আব্দুল খালেক ও ওয়ার্ড সভাপতি নাছির উদ্দিন রুমেল। এছাড়াও অনুষ্ঠানে শাহজাহানপুর পূর্ব থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএন
রাজনীতি
নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নবগঠিত এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দায়িত্ব পেয়েই দ্রুত কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মনজিলা ঝুমা।
এছাড়া কমিটিতে সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা এক্স-অফিসিও সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করবেন বলেও জানানো হয়েছে।
এদিকে দায়িত্ব গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম বলেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড যারা প্রার্থী হতে চান, প্রস্তুতি নিন। আমরা আসছি আপনার খোঁজে…।
এমএন
রাজনীতি
নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার : মির্জা ফখরুল
বিএনপি সরকারের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্ব সুখী ও সম্মৃদ্ধ দেশ গঠন করবো এবং নতুন বাংলাদেশের জন্য বিএনপি সরকার কাজ করছে বলে জানান মির্জা ফখরুল।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিএনপির মহাসচিব বলেন, নিয়মনীতি থাকার কারণে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হবে।
সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে; দলের সঙ্গে সম্পৃক্ত ও বিভিন্ন সময় দলের জন্য ভূমিকা রাখাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস খোলার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ, তাদের অফিস খোলার কথা নয়।
এর আগে দলীয় মহাসচিবের আগমন উপলক্ষ্যে নয়াপল্টনের সরগরম দপ্তরটি ‘নিরবতা’ ভেঙে আবার ‘সরব’ হয়ে ওছে। সকাল থেকে দেখা যায় নেতা-কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি।
বেলা ১১টায় বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অফিসে এলে কর্মী-সমর্থকরা তাকে স্বাগত জানায়। নয়াপল্টনে এসে পৌঁছালে প্রধান ফটকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। পরে বিএনপি মহাসচিব তিন তলায় নিজের কক্ষে গিয়ে বসেন।
সেখানে দলের নির্বাহী কমিটির সদস্য সালেহ উদ্দিন, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি তপন কুমার মজুমদারসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে বিএনপি মহাসচিবকে শুভেচ্ছা জানান।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে এই প্রথম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এলেন।
এমএন



