জাতীয়
বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব করল ভারত
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হাদিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের কয়েক ঘণ্টার ব্যবধানে বাংলাদেশের দূতকে পাল্টা তলব করেছে দিল্লি।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে লক্ষ্য করে ভারতে সংঘটিত ধারাবাহিক ঘটনাপ্রবাহের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনারকে তলবের কয়েক ঘণ্টা পরেই মঙ্গলবার ভারত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে।
আজ ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে তলব করা হয়। ভারতীয় দূতকে তলব করে পররাষ্ট্রসচিব নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন। একই সঙ্গে দেশটিতে থাকা বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা বিষয়ে জোর দেওয়া হয়েছে।
এর আগে ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেদিন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বক্তব্যে সরকারের উদ্বেগের কথা জানানো হয়েছে। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে দেশটির সহযোগিতা কামনা করা হয়।
অন্যদিকে ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা তলব করা হয়। ফের সপ্তাহ না যেতেই বাংলাদেশের হাইকমিশনারকে আজ আবারও পাল্টা তলব করেছে ভারত।
এমকে
জাতীয়
তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
টেলিফোনে আলাপকালে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে একসাথে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসাথে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।
জাতীয়
স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য মন্ত্রণালয়কে সব ধরনের সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করা হবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, মানুষকে যেন ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে যাবে। চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি আমাদের আছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নরসিংদীর মনোহরদীতে নিজ বাসভবনে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার নির্বাচনী এলাকায় প্রথম সফর।
সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে, যারা ভোট দেননি তাদের প্রতিও সমভাবে দায় রয়েছে। সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, সকল বিদ্বেষ ভুলে গিয়ে রাজনৈতিক কোনো অসৎ চিন্তা না করে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলব।’
তিনি জানান, ‘নরসিংদীসহ দেশের আরও যেখানে প্রয়োজন, সেখানে মেডিকেল কলেজ করা হবে। নরসিংদীর জন্য দুটো আইসিইউ ইউনিট করার ইচ্ছে পোষণ করেছি।’
স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর শুক্রবার সকালে প্রথমবারের মতো তিনি নরসিংদী-৪ নির্বাচনী এলাকার নিজ বাড়িতে আসেন। এ সময় এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন।
জাতীয়
একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই : ডিএমপি কমিশনার
একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, ‘নিরাপত্তার কোনো আশঙ্কা নেই। তবে সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার।
১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে জানিয়ে তিনি বলেন, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। অন্যান্য আইনশৃঙখলা বাহিনী ও গোয়েন্দা নজরদারিও থাকবে।
সাজ্জাত আলী বলেন, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং, শহীদ মিনার রোড ব্যবহারের অনুরোধ, অন্যকোনো রোড দিয়ে আসা যাবে না। শ্রদ্ধা নিবেদনের পর দোয়েল চত্বর কিংবা চাঁনখানপুল দিয়ে বের হতে হবে।
শহীদ মিনারে কোনো ধরনের ধারালো বস্তু কিংবা দাহ্য পদার্থ বহন না করারও অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার।
এমএন
জাতীয়
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপি মিডিয়া সেল বলছে, শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করবেন প্রধানমন্ত্রী।
জাতীয়
এনআইডি আবেদন নিয়ে ইসির জরুরি নির্দেশনা
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন (ইসি) মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে কেন্দ্র করে বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে। এসব আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নতুন এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়।
আদেশে মাঠ কর্মকর্তাদের ৩টি নির্দেশনা দেওয়া হয়েছে। ইসি জানিয়েছে, নাগরিক সেবা সচল রাখা এবং জমে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনগুলো ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত হওয়ায় সেগুলো এনআইডি মহাপরিচালকের অধীনে চলে আসবে। ফলে এসব আবেদন এখন থেকে মহাপরিচালক পর্যায়েই নিষ্পত্তি করা হবে।
নির্দেশনা
১. জন্ম তারিখ সংক্রান্ত যেসব আবেদন আগে ‘ক-১’ থেকে ‘গ’ ক্যাটাগরিতে ছিল, সেগুলোর তালিকা তৈরি করে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে।
২. প্রাপ্ত তালিকা অনুযায়ী, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসব আবেদনের ক্যাটাগরি পরিবর্তন করে ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করবেন।
৩. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সংশোধন কার্যক্রম সীমিত থাকায় বর্তমানে জমে থাকা অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে।
এমএন



