ক্যাটাগরি: পুঁজিবাজার

চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

চলতি সপ্তাহে (০৩–০৭ মে ২০২৬) শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ করা হবে। রেকর্ড ডেটকে কেন্দ্র করে এ সময়ে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত থাকবে। রেকর্ড ডেট পর্যন্ত যেসব বিনিয়োগকারীর কাছে শেয়ার থাকবে, তারাই সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে গণ্য হবেন। একই সঙ্গে রেকর্ড ডেটের আগে শেয়ার ক্রয়কারীরাও লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন।

লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

যে তিনটি কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ করা হবে, সেগুলো হলো ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ব্যাংক এবং সিটি ব্যাংক।

এর মধ্যে সিটি ব্যাংকের এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ০৩ মে শেয়ার লেনদেন স্থগিত থাকবে। কোম্পানিটি ২০২৫ সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭১ পয়সা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৬৭ পয়সা। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে আগামী ০৭ জুন বিকাল ৩টায়।

ওয়ালটন হাইটেকের ক্ষেত্রে ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ২৯ এপ্রিল শেয়ার লেনদেন স্থগিত ছিল। কোম্পানিটি একীভূতকরণ প্রক্রিয়া এগিয়ে নিতে বিশেষ সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করছে। প্রস্তাবিত একীভূতকরণ বিষয়ে হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধাপ সম্পন্ন হচ্ছে। কোম্পানিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২১ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে।

অন্যদিকে ইস্টার্ন ব্যাংকের এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ০৬ মে শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ব্যাংকটি ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য বছরে ইপিএস হয়েছে ৫ টাকা ২৩ পয়সা এবং এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৩৮ পয়সা। ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হবে ১১ জুন দুপুর ১২টায়।

শেয়ার করুন:-
শেয়ার