দেশের ব্যবসা-বাণিজ্য সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমই-এর সভাপতি মোহাম্মদ হাতেম। তার অভিযোগ, ব্যাংক খাত থেকে ন্যূনতম সহযোগী পাচ্ছেন না ব্যবসায়ীরা।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বিকেএমইএ এক্সপো ২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একদিকে ক্রমাগত লোডশেডিং, অন্যদিকে মিলছে না পর্যাপ্ত জ্বালানি। কারখানাগুলোকে দৈনিক অন্তত দুই-তিন ঘণ্টা উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে।
এতে উৎপাদন খরচ বেড়েছে অন্তত ২০ শতাংশ, যার প্রভাব পড়ছে ব্যবসায়। এ অবস্থা চলমান থাকলে আরও বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি জানান, এবারের আয়োজনে ৩০টি দেশের এক হাজারের বেশি প্রদর্শক অংশ নেবে।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে এ খাত থেকে প্রায় ৩৯ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হয়েছে, যা দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি।