ক্যাটাগরি: পুঁজিবাজার

প্রধানমন্ত্রীর পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে বিএসইসির বৈঠক

মাননীয় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনির সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ঊর্ধ্বতনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ভূমিকা, সামগ্রিক কার্যাবলী ও প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা, পুঁজিবাজারের ইকোসিস্টেম ও রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি কর্তৃক বাস্তবায়িত উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জিত সাফল্য এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএসইসির ভবিষ্যত পরিকল্পনাসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে একটি প্রেজেন্টেশন দেওয়া হয়।

বিএসইসি সূত্র জানায়, আর্থিক খাতে বিশ্বব্যাপি সুপরিচিত ব্যক্তিত্ব তানভীর গনি সম্প্রতি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হয়েছেন। বৈশ্বিক যুদ্ধপরিস্থির কারণে সৃষ্ট সংকটের মধ্যেও তিনি দেশের পুঁজিবাজার, বিনিয়োগ ব্যবস্থাপনা এবং কৌশলগত পরামর্শ প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চেষ্টা করছেন।

বর্তমানে তিনি হংকং-ভিত্তিক উদীয়মান বাজার বিনিয়োগ ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘দ্য ওসিরিস গ্রুপ’-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত আছেন। এর আগে তিনি টাইবোর্ন ক্যাপিটাল ম্যানেজমেন্টে প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসারসহ (সিওও) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নেতৃত্বদানকারী পদে ছিলেন।

সেখানে তিনি এশিয়া এবং হংকং ও সান ফ্রান্সিসকোসহ বৈশ্বিক বাজারে প্রযুক্তি, ফিনটেক, স্বাস্থ্যসেবা এবং বায়োটেক খাতের বিনিয়োগ কৌশলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বাংলাদেশ এবং বৈশ্বিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগের ব্যবধান কমিয়ে আনতে কাজ করছেন তানভীর গনি। বৈঠকে পুঁজিবাজারের সংস্কার ও টেকসই উন্নয়নে সাম্প্রতিক সময়ে বিএসইসির গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে তাকে অবহিত করা হয়। এসময় তিনি পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার