ক্যাটাগরি: পুঁজিবাজার

পরিবারের সদস্যদের ৪৬ লাখ শেয়ার উপহার দিচ্ছেন ক্রাউন সিমেন্টের ভাইস চেয়ারম্যান

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি’র ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির তাঁর স্ত্রী, পুত্র ও দুই কন্যার নামে মোট ৪৬ লাখ শেয়ার উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বর্তমানে তাঁর কাছে কোম্পানিটির ৮৪ লাখ ২৭ হাজার ৭৫টি শেয়ার রয়েছে। সেখান থেকে তিনি ৪৬ লাখ শেয়ার স্থানান্তর করবেন। এর মধ্যে স্ত্রী কামরুন নাহার পাবেন ১৫ লাখ শেয়ার, ছেলে রায়হানুল কবির পাবেন ২৫ লাখ শেয়ার এবং দুই কন্যা রাইসা কবির ও নুসাইবা কবির প্রত্যেকে পাবেন ৩ লাখ করে শেয়ার। চারজনই কোম্পানির বিদ্যমান সাধারণ শেয়ারহোল্ডার।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ইতোমধ্যে এই শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে উপহার হিসেবে শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএসইতে ক্রাউন সিমেন্টের শেয়ারের সর্বশেষ দর ছিল ৪৯ টাকা ৫০ পয়সা। সেই হিসেবে ৪৬ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ২২ কোটি ৭৭ লাখ টাকা।

উল্লেখ্য, ২০১১ সালে বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ক্রাউন সিমেন্ট। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৪৮ কোটি ৫০ লাখ টাকা এবং মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৮৫ লাখ। সর্বশেষ অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে, যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১০ টাকা ৩০ পয়সা।

শেয়ার করুন:-
শেয়ার