জাতীয়
নারায়ণগঞ্জ-বরিশাল-ময়মনসিংহ-কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস
জাতীয় সংসদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ , ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ পাস হয়েছে।
আজ শুক্রবার (১০ এপ্রিল) সাপ্তাহিক সরকারি ছুটির দিনেও চলছে সংসদ অধিবেশন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সংসদে বিলগুলো সংসদে উত্থাপন করেন। পরে কণ্ঠ ভোটে পাস করা হয়।
সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে প্রথম অধিবেশনের ১৩ তম দিনের অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
এমএন
জাতীয়
এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরও ৫ জাহাজ
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর জ্বালানি সরবরাহের ওপর থেকে চাপ কমার ইঙ্গিত মিলছে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে অন্তত পাঁচটি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে এসব জ্বালানিবাহী জাহাজ দেশের জলসীমায় প্রবেশ করছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং শিপিং এজেন্টদের তথ্য অনুযায়ী, এই চালানে মহেশখালীর ভাসমান টার্মিনালের জন্য এলএনজি এবং চট্টগ্রামের জন্য এলপিজি রয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) মালয়েশিয়া থেকে ২ হাজার ৪৭০ টন কার্গো নিয়ে ‘মর্নিং জেলি’ নামক একটি এলপিজি বহনকারী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৬৯ হাজার টন এলএনজি নিয়ে ‘ইএমইআই’ নামক একটি জাহাজ মহেশখালীর ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
১১ এপ্রিল একই টার্মিনালে প্রায় একই পরিমাণ কার্গো নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আসার কথা রয়েছে ‘কংটং’ নামক আরেকটি এলএনজি জাহাজের। ১৩ এপ্রিল মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে একটি জাহাজ ‘পল’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।
এই তালিকার সর্বশেষ জাহাজ ‘ম্যারান গ্যাস হাইড্রা’ ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে ৬৪,৬৭৮ টন এলএনজি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব রেফায়েত হামিম বলেন, ‘বৃহস্পতিবার পর্যন্ত পাঁচটি জাহাজেরই আসার ঘোষণা পাওয়া গেছে এবং জাহাজগুলো বর্তমানে সমুদ্রপথে রয়েছে।’
এর আগে বুধবার রাতে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামে একটি জ্বালানিবাহী ট্যাংকার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার বিকেলের মধ্যে পতেঙ্গার ডলফিন জেটিতে ট্যাংকারটি নোঙর করেছে। এরপর শুরু হয় অকটেন খালাসের কার্যক্রম।
এ ছাড়াও বুধবার রাতেই মালয়েশিয়া থেকে হাই সালফার ফুয়েল অয়েল নিয়ে ‘ইস্টার্ন কুইন্স’ নামে আরেকটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে।
এর আগে ২ ও ৫ এপ্রিল যথাক্রমে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে ৬৯ হাজার ৮৮১ টন এবং ৬৮ হাজার ৬৪৮ টন এলএনজি দেশে আসে, যা জ্বালানি সরবরাহে চাপ কমাতে সহায়ক হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজের বার্থিংকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (এলএনজি) প্রকৌশলী মোহাম্মদ সাইফুল্লাহ কবির বলেন, ‘চলতি মাসে মোট ৯টি এলএনজি জাহাজ আসার কথা রয়েছে।’
তিনি বলেন, ‘ইতিমধ্যে দুটি জাহাজ চলে এসেছে এবং খালাস প্রক্রিয়া চলছে। প্রতিটি জাহাজ সাধারণত ৬৯,০০০ থেকে ৭০,০০০ টন গ্যাস বহন করে বলে তিনি জানান।
আরপিজিসিএল কর্মকর্তাদের মতে, গত মার্চ মাসে বিভিন্ন দেশ থেকে আটটি জাহাজে করে প্রায় ৬ লাখ টন এলএনজি আমদানি করেছে বাংলাদেশ।
সূত্র: বাসস
জাতীয়
সংসদে আরও ১০ বিল পাস, আইনে রূপ পাচ্ছে অধ্যাদেশগুলো
জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে আরো ১০টি বিল পাস হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে আলোচনা হয়নি।
শুক্রবার (১০ এপ্রিল) সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরো শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়।
সকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলোকে অপরিবর্তিতভাবে পাসের সুপারিশ করেছিল বিশেষ কমিটি।
এর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; দবরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; দময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ এবং ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’; ‘এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল, ২০২৬’; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
জাতীয়
প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহবান
সামাজিক যোগাযোগমাধ্যমসহ কয়েকটি গণমাধ্যমে ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর’ নিয়ে যে খবর প্রচার হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বুধবার (৮ এপ্রিল) রাতে বিষয়টিকে গুজব উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। এমনকি তিনি কোন দেশে প্রথম সফর করবেন, সেটিও নির্ধারিত হয়নি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, এসব তথ্য ভিত্তিহীন। এর কোনও সত্যতা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।
গুজবে কান না দিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সফরে গেলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এদিকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) ফেসবুক পোস্টে লেখেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তিনি কোন দেশে প্রথম সফর করবেন, সেটিও এখনো নির্ধারিত হয়নি। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হলো।’
জাতীয়
শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, অভিযোগগুলো খতিয়ে দেখে প্রতিবেদন পাঠাতে সংশ্লিষ্ট দুই আসনের রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ইসি সচিবালয়ের নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
সাংবাদিকদের ইসি সচিব আরও বলেন, “ভোট বর্জনের কথা আমি শুনেছি পৌনে ৪টায়। জাল ভোটের কারণে বয়কট করেছে। সারাদিন ধরে ভোট গেল, এখন শেষ হওয়ার ২০ মিনিট আগে জাল ভোট বলে বর্জন। এটা তাদের রাজনৈতিক ব্যাপার। এটা নিয়ে কোনো মন্তব্য নেই।”
তিনি যোগ করেন, “তবে আমি আমার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তাদের বলেছি, আপনারা একটা প্রতিবেদন দেন। আর ফলাফলটা যেন দেরিতে না হয়। কারণ ফলাফলটা তো দিতে হবে।”
এর আগে দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি নির্বাচনে ভোট কারচুপি, জালভোট, এজেন্টদোর বের করে দেওয়াসহ সকালেই ফলাফল শিটে সই নিয়েছে এবং তাদের এজেন্টদের বের করে দিয়েছে।
তিনি দাবি করেন, বিভিন্ন কেন্দ্রে সকালেই প্রিজাইডিং অফিসাররা ফলাফল শিটে স্বাক্ষর নিয়ে নিয়েছেন, পরে জালভোট দেওয়া হয়েছে এবং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
দুপুর ১২টা পর্যন্ত শেরপুরের ১৩টি কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, পুলিশ, সেনাবাহিনী ও রিটার্নিং কর্মকর্তাকে জানানো হলেও কোনো প্রতিকার হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, মহিলাদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে, কর্মীদের মারধর করা হয়েছে এবং প্রশাসন অসহায় অবস্থায় রয়েছে।
জামায়াতের দাবি, গুরুতর অনিয়ম হওয়া কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ স্থগিত করে পুনরায় ভোটের ব্যবস্থা করতে হবে। প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
এনিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, জামায়াতের অভিযোগগুলো গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট দুই আসনের রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগ খতিয়ে দেখে প্রতিবেদন পাঠাতে। তিনি জানান, কমিশন প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
জাতীয়
সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘কেবিনে স্যারের (মির্জা আব্বাস) চিকিৎসা চলছে। আগের চেয়ে তার অবস্থা উন্নতির দিকে।
প্রতিদিন থেরাপিও দেওয়া হচ্ছে। ডাক্তারদের ফুল কেয়ারে আছেন।’
আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম। এ সময় বিএনপির মহাসচিব মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ নেন এবং বেশ কিছু সময় তারা একসঙ্গে কাটান বলে জানান সোহেল।
সিঙ্গাপুরে বর্তমানে চিকিৎসার জন্য আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কয়েক দিন আগে নজরুল ইসলাম খানও মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে এসেছিলেন বলে জানান সোহেল।
গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গত ১১ মার্চ রমজান মাসে ইফতারে সময়ে শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
দেশের প্রখ্যাত নিউরো চিকিৎসকদের তত্ত্বাবধায়নে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সিদ্ধান্তে দ্রুত মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপাচার করা হয়। ৭২ ঘণ্টার মধ্যে তাকে সিঙ্গাপুরে নেওয়ার ব্যবস্থা করা হয়।



