ক্যাম্পাস টু ক্যারিয়ার
ইবিতে ছাত্রশিবিরের আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতার আয়োজন
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা-২০২৬’ এর আয়োজন করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় আর্থিক পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানানো করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে, আগামী ১৫ রমজান (৫ মার্চ ২০২৬) পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশন সম্পন্নকারী ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানে পরীক্ষার সার্বিক আপডেট ও নির্দেশনা প্রদান করা হবে।
আগামী ২৩ রমজান (১৩ মার্চ) বিকেল ৩টা থেকে ৩ টা ৪০ মিনিট পর্যন্ত ৪০ মিনিটের একটি ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সিলেবাসে রয়েছে সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা নূর এবং সূরা যিলযাল এবং তাফসীর গ্রন্থ হিসেবে তাফহীমুল কুরআন নির্ধারণ করা হয়েছে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ৪ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকে পাবেন ১ হাজার টাকা করে পুরস্কার।
উল্লেখ্য, পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের মাঝে কুরআনের জ্ঞান, অর্থ ও ব্যাখ্যা গভীরভাবে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে বলে শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়।
এমএন/ মো. সাকিব আসলাম
ক্যাম্পাস টু ক্যারিয়ার
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (প্রকৌশল-তড়িৎ)’ পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ৭ এপ্রিল তারিখ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। একই বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচিও প্রকাশ করা হয়েছে।
‘সহকারী পরিচালক (প্রকৌশল-তড়িৎ)’ পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫৯ জন।
মৌখিক পরীক্ষার সময়সূচি:
১৫, ১৬, ১৯ এবং ২০ এপ্রিল ২০২৬ প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা।
মৌখিক পরীক্ষার কেন্দ্র: ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ভবন (৪র্থ তলা)।
নির্দেশনা:
১. মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না; লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার ইন্টারভিউ কার্ড হিসেবে গণ্য হবে।
২. মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই রিপোর্ট করতে হবে। বিলম্বে হাজির হওয়ার কোনো কারণ কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য বিবেচিত হবে না।
৩. প্রার্থীদের অনলাইন আবেদনে প্রদত্ত তথ্যাদির সমর্থনে প্রমাণক দলিলাদির মূল কপি প্রদর্শন এবং এক সেট সত্যায়িত ফটোকপি চেকিং বোর্ডে জমা দিতে হবে।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
১৫ বছর পর মূল ক্যাম্পাসে বৈশাখ উদযাপন, ব্যস্ত চবির চারুকলার শিক্ষার্থীরা
১৫ বছর পর মূল ক্যাম্পাসে ফিরে বর্ষবরণে নানা শৈল্পিক কাঠামো তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বাংলা নববর্ষকে বরণ করতে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে চারুকলা ইনস্টিটিউট।
পয়লা বৈশাখে সকালে প্রশাসনের উদ্যোগে থাকবে বৈশাখী শোভাযাত্রা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন। শোভাযাত্রার পর জারুলতলায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন প্রশাসনের উদ্যোগে আরো থাকবে কাবাডি ও বলি খেলা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে থাকবে বৈশাখী মেলা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের যাত্রা শুরু হয় ১৯৭০ সালে। বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন শিল্পী রশিদ চৌধুরী। ২০১০ সালের ২ আগস্ট এটি নগরীর সরকারি চারুকলা কলেজের সঙ্গে একীভূত হয়ে চারুকলা ইনস্টিটিউট হিসেবে আত্মপ্রকাশ করে। মূল ক্যাম্পাস থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে নগরীর মেহেদীবাগের বাদশা মিয়া সড়কে অবস্থিত ছিল এই ইনস্টিটিউট। ২০১১ সালের সেপ্টেম্বরে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাস থেকে শহরে স্থানান্তরিত করা হয়। বর্তমানে এই ইনস্টিটিউটে প্রায় ৪০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন।
২০২২ সালের নভেম্বরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ার পর ১১ দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ক্লাস বর্জনের পাশাপাশি ধারাবাহিক কর্মসূচি পালন চলতে থাকে। পরে ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন শুরু হয়। এক পর্যায়ে গত বছর উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান এপ্রিলের মধ্যে চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার আশ্বাস দেন। অবশেষে ২০২৫ সালের ২২ মে থেকে মূল ক্যাম্পাসে ক্লাস করছেন এ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
প্রতিবছর মূল ক্যাম্পাস ও শহরে পৃথক বাংলা নববর্ষ উদযাপিত হয়ে আসছে। তবে দীর্ঘ ১৫ বছর পর প্রথম মূল ক্যাম্পাসে বৈশাখী উৎসব পালন করবেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী। ইতোমধ্যে বাঁশ, কাগজ দিয়ে নানা শৈল্পিক কাঠামো ও মুখোশ তৈরির কাজ চলছে।
নববর্ষের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল সংসদের সহসভাপতি খন্দকার মাসরুল আল ফাহিম বলেন, ঈদের ছুটির কারণে মুখোশ ও ভাস্কর্যের কাজ দেরিতে শুরু করা হয়েছে। প্রশাসনের সঙ্গে প্রথমে যোগাযোগ রক্ষা করা যায়নি। তবে উপাচার্যের সঙ্গে কথা হয়েছে। বৈশাখী উৎসব সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা তিনি দেবেন।
চারুকলার এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে প্রথমবার বাংলা নববর্ষ উদযাপন করব। এতে আমরা অনেকে আগ্রহী। আমি কাজ করছি রং-তুলিতে। ইতোমধ্যে বেশ কয়েকটি কাজ শেষ হয়েছে। আরেক শিক্ষার্থী বলেন, এতদিন ক্যাম্পাসের বাইরে অল্প শিক্ষার্থী নিয়ে নববর্ষ উদযাপন করা হতো। তবে এবার ক্যাম্পাসে অনেক শিক্ষার্থীর সঙ্গে নববর্ষ উদযাপন বেশ আনন্দে দেবে।
এ ব্যাপারে পহেলা বৈশাখ আয়োজন কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য (প্রশাসন) কামাল উদ্দিন খান বলেন, ‘গত বছরের মতো এ বছরও আমরা সুন্দরভাবে নববর্ষ উদযাপন করতে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে কাজ করছি। চারুকলার শিক্ষার্থীরা চমৎকার কাজ করছে।’
ক্যাম্পাস টু ক্যারিয়ার
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে আবেদন ৫৩ হাজার
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী হতে ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে ৫৩ হাজার ৬৯টি আবেদন জমা পড়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে আবেদনপ্রক্রিয়া শেষ হয়েছে ৪ এপ্রিল ২০২৬।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, ‘আগামী ১৮ এপ্রিল এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে ১১ হাজার ১৫১টির মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠান থেকে ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠান থেকে ১১২টি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ১৩১টি আবেদন জমা পড়েছে।’
গত ২৫ মার্চ ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই বিজ্ঞপ্তির আলোকেই ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। তার মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ৪৭ হাজার ৩৫১ জন এবং মহিলা প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৭১৮ জন।
পরীক্ষা গ্রহণের পরবর্তী প্রক্রিয়া সক্রিয়ভাবে চলমান বলেও জানান তিনি।
এ ছাড়া, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা রোধে প্রতিবছর দুটি করে নিয়োগ সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটে প্রথম মিজানুর রহমান
গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ভর্তি পরীক্ষায় পাশের হার ৬০ শতাংশ। এতে প্রথম স্থান অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান।
সোমবার (০৬ এপ্রিল) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক এই তথ্য নিশ্চিত করেন।
প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ‘বি’ ইউনিটে মোট ৯৩ হাজার ১০২ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮২ শতাংশ, অর্থাৎ ৭৬ হাজার ৭৫৫ জন।
পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে পাস মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৬০.৫০ শতাংশ, অর্থাৎ ৪৬ হাজার ৬৩০ জন শিক্ষার্থী। অপরদিকে, ৩০ নম্বরের নিচে পেয়ে অকৃতকার্য হয়েছেন ৩৯ শতাংশ, অর্থাৎ ৩০ হাজার ৮৯ জন।
ফলাফলে দেখা যায়, সর্বোচ্চ ৮১.৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া মিজানুর রহমান। এছাড়া এ বছর সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস ১৬.২৫।
এমএন/এমএসএ
ক্যাম্পাস টু ক্যারিয়ার
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী মন্ত্রিসভার বৈঠকে: শিক্ষামন্ত্রী
বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলবে সেই কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে আগামী মন্ত্রিসভার বৈঠকে। অনলাইনেও ক্লাস নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত হবে সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামে। এর আগে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে প্রস্তাব দেবে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, সম্ভবত অংশীজনদের সঙ্গে আলোচনার পর মন্ত্রিসভার বৈঠকে যাবে। মন্ত্রিসভার বৈঠক হওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ সম্মেলন করবে। এর মাঝে তাদের বলার কিছু থাকবে না।
সাধারণত প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠক হয়। সেই হিসাবে পরবর্তী মন্ত্রিসভা বৈঠক আগামী ৯ এপ্রিল।
গত বৃহস্পতিবার (২ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে জ্বালানি সাশ্রয়ে অফিসের সময় এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত হয়। যা আজ রোববার থেকে কার্যকর হয়েছে। একই সঙ্গে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধেরও সিদ্ধান্ত হয়। এছাড়া সরকারি কর্মচারীদের গাড়ি কিনতে ঋণ প্রদান বন্ধ, জ্বালানি বরাদ্দের ৩০ শতাংশ কমানোসহ আরো কিছু সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে। কারণ, এ বিষয়ে কিছু ক্ষেত্রে আলোচনার দরকার আছে। পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় আগামী রোববার থেকে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান–সংক্রান্ত আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে। তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, তা বিবেচনায় রাখা হবে।
পরের দিন শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয়। সেখানে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে অংশীজনের সঙ্গে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী মন্ত্রিসভা-বৈঠকে প্রস্তাব উপস্থাপন করবে।
এর আগে গত ৩১ মার্চ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের জানিয়েছিলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব মহানগরীর স্কুলের ক্লাস অনলাইন ও অফলাইনে দুই মাধ্যমেই নেওয়ার চিন্তা করছে সরকার। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।
শিক্ষামন্ত্রী আরও জানান, তারা আলোচনা করছেন অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোকে উৎসাহিত করার। যেহেতু বিশ্বব্যাপী সংকট (জ্বালানি সংকট), তার মানে বাংলাদেশও। তারা কেউ জানেন না, কতদিন এই সংকট চলবে। সে কারণে তারা দেশের স্কুলব্যবস্থাকে অনলাইন ও সশরীর—এই মিশ্র পদ্ধতিতে আনার কথা ভাবছেন।



