শত্রুপক্ষের রণতরি মোকাবিলায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বিশেষ হালকা সাবমেরিন মোতায়েন করেছে ইরান। দেশটির নৌবাহিনীর প্রধান এই ঘোষণা দিয়ে জানিয়েছেন, যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় তারা এখন পুরোপুরি প্রস্তুত।
ইরানের নেভির কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানির এক বক্তৃতায় বলেন, বর্তমান সময়ের হুমকি, সক্ষমতা আর প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই হরমুজ প্রণালীর পানিসীমায় এই হালকা ডুবোজাহাজগুলো মোতায়েন করা হয়েছে।
ইরানি অ্যাডমিরাল আরো জানান, এই ডুবোজাহাজগুলোর বিশেষ সক্ষমতা হলো এগুলো হরমুজ প্রণালীর গভীরে সমুদ্রের তলদেশে দীর্ঘ সময় আত্মগোপন করে ওঁত পেতে থাকতে পারে। সেখান থেকেই এরা শত্রুপক্ষের যেকোনো জাহাজ শনাক্ত করা এবং প্রয়োজনে সেগুলো ধ্বংস করে দেয়ার ক্ষমতা রাখে।
নৌবাহিনীর কর্মকর্তা আর সদস্যদের কাছে এসব ডুবোজহাজ ‘পার্সিয়ান গালফ ডলফিন’ বা পারস্য উপসাগরের ডলফিন নামে পরিচিত।
ইরানের নৌপ্রধান জোর দিয়ে বলেন, ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি প্রদর্শন করতেই এই পার্সিয়ান গালফ ডলফিনগুলো পানির ওপর ভেসে উঠেছিল। ইরানের ‘দেনা’ নামের একটি ডেস্ট্রয়ারের শহীদদের স্মরণে আয়োজিত বিশেষ এক অভিযানে অংশ নিয়ে এগুলো নিজেদের উপস্থিতির জানান দেয়। সেখানে বেশ কিছু মহড়া শেষ করে ডুবোজাহাজগুলো আবারো সমুদ্রের গভীরে চলে গেছে। এখন গভীর পানির নিচে থেকেই এগুলো নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে।
সূত্র : তাসনিম নিউজ