স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১০ মে) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত তালিকায় ৫০ জন উপজেলা চেয়ারম্যান এবং ৫০ জন পৌর মেয়র প্রার্থী রয়েছেন।
ঘোষিত প্রার্থীদের মধ্যে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে হাবিবুর রহমান হাবিব, বোদায় শিশির আসাদ এবং দেবীগঞ্জ পৌরসভায় মেয়র পদে মাসুদ পারভেজ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় চেয়ারম্যান পদে গোলাম মর্তুজা সেলিম প্রার্থী হয়েছেন। দিনাজপুর জেলার ফুলবাড়িতে উপজেলা চেয়ারম্যান পদে ইমরান চৌধুরী নিশাত, বোচাগঞ্জে মাওলানা এম এ তাফসির হাসান, ফুলবাড়ি পৌরসভায় মেয়র পদে শিহাব হোসেন, ঘোড়াঘাট পৌরসভায় মেয়র পদে আব্দুল মান্নান এবং হাকিমপুর পৌরসভায় মেয়র পদে রায়হান কবির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় চেয়ারম্যান পদে আবু সাইদ লিয়ন এবং নীলফামারী সদর উপজেলায় ড. কামরুল ইসলাম প্রার্থী হয়েছেন। কুড়িগ্রাম সদর পৌরসভায় মেয়র পদে মাসুম মিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ, রংপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে কৃষ্ণ চন্দ্র বর্মণ এবং গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় চেয়ারম্যান পদে খাদিমুল ইসলাম প্রার্থী হয়েছেন।
চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় সদর উপজেলায় চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শফিক, উখিয়া উপজেলায় মোহাম্মদ হুসাইন, চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে রশিদ এবং মতলব উত্তর উপজেলায় ইদ্রিস প্রার্থী হয়েছেন।
এছাড়া হোমনা পৌরসভায় মেয়র পদে রাজু সরকার এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে আমিনুল হক এনসিপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সংবাদ সম্মেলনে দলটি জানায়, প্রথম ধাপে এসব প্রার্থীর মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ শুরু করা হলো।