ক্যাটাগরি: আইন-আদালত

ব্যবসায়ীরা সংসদে গিয়ে নিজেদের স্বার্থে কাজ করছে: মহসিন রশিদ

সংসদে আইনজীবীদের পরিবর্তে ব্যবসায়ীরা যাওয়ায় আইন প্রণয়নে ন্যায়বিচার ও ইনসাফের বিষয়টি উপেক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ। তিনি বলেন, ব্যবসায়ীরা সংসদে গেলে নিজস্ব স্বার্থ দেখেন, আইন বা ইনসাফের বিষয়টা দেখেন না।

শনিবার (৯ মে) বাংলাদেশ আইনজীবী অধিকার রক্ষা পরিষদের প্রতিষ্ঠা সভায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহসিন রশিদ বলেন, সুপ্রিম কোর্টে এখন দেখা যাচ্ছে কোন বিচারককে কে নিয়োগ দিয়েছেন, সেই বিচারকের আদালতে গেলে সুবিধা পাওয়া যায়। এসব সমস্যার কারণে ন্যায়বিচার বিঘ্নিত হচ্ছে এবং জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। উচ্চ ও নিম্ন আদালত মিলিয়ে চার থেকে পাঁচ মিলিয়ন মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।

সংগঠনটি অরাজনৈতিক উল্লেখ করে তিনি বলেন, ব্রিটিশ আমল থেকে শুরু করে আগের সংসদগুলোতে বেশিরভাগ আইনজীবীরা যেতেন, কারণ তারাই জানেন কীভাবে আইন প্রণয়ন করতে হয়। কিন্তু সেই ধারা এখন ধ্বংস হয়ে গেছে। আইনজীবী সংগঠনগুলো রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়ায় নতুন এই সংগঠন রাজনীতির বাইরে থেকে আইনজীবীদের স্বার্থ, ইনসাফ ও ন্যায়বিচার নিশ্চিতে কাজ করবে।

অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হেলাল উদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক আজাদ। এছাড়া আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথের পাঠানো শুভেচ্ছা বার্তাও পড়ে শোনানো হয়। বিভিন্ন জেলা বার থেকে আসা প্রতিনিধিরাও অনুষ্ঠানে নিজেদের মতামত তুলে ধরেন।

শেয়ার করুন:-
শেয়ার