ক্যাটাগরি: আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শপথ গ্রহণ শনিবার

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতির এক ঐতিহাসিক সন্ধিক্ষণে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে নতুন এই দায়িত্বের শপথ গ্রহণ করবেন। এর মাধ্যমে রাজ্যটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটলো।

শুক্রবার কলকাতায় বিজেপির নবনির্বাচিত বিধায়কদের নিয়ে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাব করেন দলের সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উপস্থিত সকল বিধায়ক সর্বসম্মতিক্রমে তাকে নেতা নির্বাচিত করেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উপ-পর্যবেক্ষক হিসেবে ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চড়ন মাঝি।

এবারের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে বিজেপি এককভাবে ২০৭টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ শেষে ৪ মে ফলাফল ঘোষণা করা হয়।

শুভেন্দু অধিকারী এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী এবং তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন। তবে ২০২০ সালে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে মমতাকে পরাজিত করার পর এবারও তিনি মমতার নিজস্ব দুর্গ হিসেবে পরিচিত ‘ভবানীপুর’ আসনে চমক দেখিয়েছেন। এই আসনে তিনি মমতার চেয়ে ১৫ হাজারেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নতুন সরকারে শুভেন্দু অধিকারীর পাশাপাশি দুজন উপ-মুখ্যমন্ত্রী নিয়োগ দেওয়া হতে পারে। গত দুই দশকে পশ্চিমবঙ্গে কোনো উপ-মুখ্যমন্ত্রী ছিল না, যা এবার নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।

শেয়ার করুন:-
শেয়ার