ক্যাটাগরি: আন্তর্জাতিক

দুর্নীতির দায়ে চীনের সাবেক দুই মন্ত্রীর মৃত্যুদণ্ড

ঘুষ ও দুর্নীতির অভিযোগে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে ও লি শাংফুকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। তবে দুই বছরের স্থগিতাদেশ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে নতুন কোনো অপরাধে জড়িত না হলে তাদের সাজা পরে যাবজ্জীবন কারাদণ্ডে রূপ নেবে।

বৃহস্পতিবার (৭ মে) রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি ও সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আদালত জানিয়েছে, দুই সাবেক মন্ত্রীই বড় অঙ্কের ঘুষ গ্রহণের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেছেন। আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগকে গুরুতর বলে উল্লেখ করে সর্বোচ্চ শাস্তি ঘোষণা করে।

রায়ের বিস্তারিত তথ্য অনুযায়ী, ওয়েই ফেংহে ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। অন্যদিকে লি শাংফুর বিরুদ্ধে ঘুষ গ্রহণের পাশাপাশি ঘুষ প্রদানেও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে আদালত জানায়। দুজনই চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সাবেক সদস্য এবং স্টেট কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আদালতের নির্দেশে তাদের রাজনৈতিক সব অধিকার আজীবনের জন্য বাতিল করা হয়েছে। পাশাপাশি তাদের ব্যক্তিগত সব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ওয়েই ফেংহে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত চীনের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০২৩ সালের মার্চে তাকে সরিয়ে লি শাংফুকে প্রতিরক্ষামন্ত্রী করা হয়। তবে লি শাংফুর মেয়াদ ছিল স্বল্পস্থায়ী। দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই ২০২৩ সালের অক্টোবর মাসে তাকে বরখাস্ত করা হয়। এর আগেই তিনি হঠাৎ জনসমক্ষে অনুপস্থিত হয়ে পড়েন, যা নিয়ে তখন থেকেই নানা জল্পনা শুরু হয়।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে সিনহুয়া জানায়, তদন্তে লি শাংফুর বিরুদ্ধে বিপুল পরিমাণ ঘুষ গ্রহণ এবং অন্যদের ঘুষ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে বলা হয়, তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং ব্যক্তিগত সুবিধা অর্জনের চেষ্টা করেছেন।

অন্যদিকে ওয়েই ফেংহের বিরুদ্ধে তদন্তে উঠে আসে, দায়িত্বে থাকাকালে তিনি বিপুল অর্থ ও মূল্যবান সম্পদ ঘুষ হিসেবে গ্রহণ করেছেন। পাশাপাশি বিভিন্ন নিয়োগ ও প্রশাসনিক প্রক্রিয়ায় অবৈধ সুবিধা দিতে সহায়তা করেছেন বলেও প্রমাণ পাওয়া যায়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীতে চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে ‘বিপ্লবী শুদ্ধি অভিযান’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সেনাবাহিনী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের মাধ্যমে পুনর্গঠনের পথে এগোচ্ছে।

শেয়ার করুন:-
শেয়ার