জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ বিএনপিকে ‘হাইজ্যাক’ করেছে। সরকারে আসার পর দলটি সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে। আবু সাঈদ, মুগ্ধ এবং চট্টগ্রামের ওয়াসিম যেসব স্বপ্নের জন্য প্রাণ দিয়েছেন, সেই লক্ষ্য থেকে বিএনপি সরে যাচ্ছে।
বৃহস্পতিবার (৬ মে) চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক নেতা ও নাগরিকদের এনসিপিতে যোগদানের এক আয়োজনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমানে সারাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, এমন পরিস্থিতির মধ্যেও চট্টগ্রামে আন্দোলনের ধারা অব্যাহত রয়েছে। এজন্য তিনি স্থানীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে থাকা বিএনপি নেতাকর্মীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা অর্থ, শ্রম এবং নির্যাতন সহ্য করে দলটি টিকিয়ে রেখেছিলেন, তারা এখন অবহেলিত ও হতাশ। তাঁর দাবি, এসব নেতাকর্মীর অনেকেই বর্তমানে এনসিপিতে যোগ দিতে আগ্রহী।
দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে নীরব রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে হবে এবং প্রকৃত সংস্কারপন্থি ও দেশপ্রেমিকদের এনসিপির সঙ্গে যুক্ত করতে হবে।
জুলাই আন্দোলনে চট্টগ্রামের নারীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তবে পরবর্তীতে তাদের যথাযথ মূল্যায়ন হয়নি এবং রাজনৈতিকভাবে সংগঠিত করা সম্ভব হয়নি। তিনি নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
চট্টগ্রামের রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ঢাকায় আন্দোলন যখনই দুর্বল হয়েছে, তখনই চট্টগ্রাম থেকে তা নতুন শক্তি পেয়েছে।