সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার (৬ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। একই সঙ্গে ইতালি বাংলাদেশ পুলিশের সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং অনিয়মিত অভিবাসন, মানবপাচার, চোরাচালান ও নিরাপত্তা সহায়তা সংশ্লিষ্ট বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন।
আইজিপি বৈঠকে সাইবার নিরাপত্তা খাতে দক্ষতা বৃদ্ধির জন্য ইতালির সহায়তা কামনা করেন। পাশাপাশি, দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।