হাওড়াঞ্চলে ‘মানবসৃষ্ট দুর্যোগে’ ক্ষতিগ্রস্ত কৃষকদের রক্ষায় ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে নেত্রকোনায় মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।
বুধবার (৬ মে) দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ‘দুর্গত হাওড়বাসী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে ডিঙ্গাপোতা হাওড়সহ বিভিন্ন কৃষক সংগঠন, শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।
মানববন্ধন থেকে কৃষকদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো: বিএডিসির বীজ নিয়ে ওঠা অভিযোগে বিচার বিভাগীয় তদন্ত, কৃষকদের সব ধরনের সরকারি-বেসরকারি ও এনজিও ঋণ মওকুফ, হাওড়ের ইজারা বাতিল করে উন্মুক্তভাবে মাছ ধরার অধিকার নিশ্চিত করা, ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও পর্যাপ্ত পশুখাদ্য সরবরাহ।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও হাওড়ের সন্তান জলি তালুকদার। তিনি কলমাকান্দার তিনটি হাওড়-বিলের ইজারা বাতিল করার দৃষ্টান্ত টেনে একইভাবে হাওড়াঞ্চলের সব ইজারা বাতিলের জন্য সরাসরি ডেপুটি স্পিকারের প্রতি অনুরোধ জানান।
জাতীয় সংসদে যেন জনগুরুত্বপূর্ণ ও কাজের আলোচনা হয়, সেদিকে লক্ষ্য রাখার জোর দাবি জানান এই নেত্রী। তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষের টাকা খরচ করে সংসদ চলে। সেখানে অন্য আলোচনায় সময় ও অর্থ নষ্ট না করে কেবল মানুষের কাজের আলোচনা করার জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি।’