ক্যাটাগরি: জাতীয়

ইভিএম প্রকল্পে দুর্নীতি তদন্ত করছে দুদক, সংসদে মির্জা ফখরুল

আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বলে জানিয়েছে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে অডিট অধিদপ্তর প্রকল্পটিতে বিভিন্ন আর্থিক অনিয়মের আপত্তি তুলেছে, যা এখনো নিষ্পত্তি হয়নি।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদে জানানো হয়, জুলাই ২০১৮ থেকে জুন ২০২৪ মেয়াদে এক লাখ ৫০ হাজার ইভিএম কেনার জন্য ৩ হাজার ৮২৫ কোটি ৩৪ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়। এই ইভিএমগুলো অর্পিত ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে কেনা হয়েছিল। প্রকল্পটি গত বছরের জুন মাসে আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

মন্ত্রী বলেন, প্রকল্পের সমাপ্তি প্রতিবেদন (পিসিআর) গত ১৩ মে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) পাঠানো হলেও এখনো মূল্যায়ন প্রতিবেদন পাওয়া যায়নি। তিনি আরও জানান, অডিট অধিদপ্তর প্রকল্পটিতে বড় ধরনের বেশ কিছু আর্থিক অনিয়মের আপত্তি তুলেছে, যা এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

সংসদে দেওয়া তথ্যানুযায়ী, ১০ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১২৫তম সভায় একটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সে সিদ্ধান্ত অনুযায়ী আগামীতে জাতীয় বা স্থানীয় পর্যায়ের কোনো নির্বাচনে আর ইভিএম ব্যবহার করা হবে না। বর্তমানে এ ইভিএমগুলো বিভিন্ন গোডাউন এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) হেফাজতে রয়েছে।

প্রশ্নোত্তর পর্বে শিমুল বিশ্বাস ইভিএম ক্রয়ের মাধ্যমে জনগণের ট্যাক্সের অর্থ অপচয়ের জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এর প্রেক্ষিতে জানানো হয়, পুরো বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলমান রয়েছে এবং অডিট আপত্তির ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার