ক্যাটাগরি: রাজনীতি

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের গণসমাবেশ

গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।

শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর সমাবেশ শুরু হয়।

সমাবেশে অংশ নিতে ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন। বাস, লঞ্চ ও ট্রেনে করে তীব্র গরম উপেক্ষা করে কর্মসূচিতে যোগ দেন নেতাকর্মীরা।

গণসমাবেশে দলটির শীর্ষ নেতারা ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন৷

গণসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় পল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণসমাবেশ বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নেতারা৷

সভায় বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে গণসমাবেশকে গণআন্দোলনে রূপ দিতে হবে। গণসমাবেশে যোগ দিতে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতারা৷

নির্ধারিত সময়ের মধ্যেই সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করতে দায়িত্বশীলদের নির্দেশনা দেয়া হয়। আয়োজকদের দাবি গণসমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে কয়েক লক্ষ লোক জড়ো হবে সোহরাওয়ার্দী উদ্যানে।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার