ক্যাটাগরি: আন্তর্জাতিক

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

ইসরায়েলের তেল আবিবের রাস্তায় শনিবার হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিক্ষোভকারীদের একজন রাফায়েল পিনাইনা বলেন, নেতানিয়াহু দেশের অভ্যন্তরীণ সামাজিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করছেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক দুর্বল করে দিচ্ছেন। এ কারণেই তিনি প্রতিবাদে অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, বিক্ষোভকারীরা ৭ অক্টোবরের ঘটনা এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন, যাতে সত্য প্রকাশ পায়।

সমাজকর্মী লি হফম্যান-আজিভ বলেন, তিনি মূলত সেখানে এসেছেন ৭ অক্টোবরের পর থেকে চলমান সংঘাতে প্রাণ হারানোদের পরিবারের প্রতি সমর্থন জানাতে।

অন্যদিকে, বিক্ষোভকারী হাইম ট্রিভ্যাক্স দাবি করেন, লেবানন ও ইরানে সামরিক উত্তেজনা বৃদ্ধি ইসরায়েলের জন্য ভুল সিদ্ধান্ত ছিল। তার অভিযোগ, নেতানিয়াহু দেশের স্বার্থ নয়, বরং ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে এসব পদক্ষেপ নিচ্ছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা সরকারের নীতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে দ্রুত রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন:-
শেয়ার