ক্যাটাগরি: অর্থনীতি

নতুন আমদানি নীতি শিগগিরই উন্মুক্ত করা হবে: বাণিজ্যমন্ত্রী

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, নতুন আমদানি নীতি (ইমপোর্ট পলিসি) প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই তা উন্মুক্ত করা হবে।

রোববার (১৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বস্ত্র ও পাট, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সেবা সহজীকরণের লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে পৃথক কমিটি গঠন করা হবে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং তাদের দাবি-দাওয়া সরকারের কাছে কার্যকরভাবে তুলে ধরতে এফবিসিসিআইয়ের ভূমিকা আরও শক্তিশালী ও সক্রিয় হওয়া প্রয়োজন। প্রয়োজনে গঠনমূলক ও ইতিবাচক চাপ প্রয়োগের মাধ্যমে নীতিগত সহায়তা আদায়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে এফবিসিসিআইকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না বলেও স্পষ্ট করেন বাণিজ্যমন্ত্রী।

তিনি উল্লেখ করেন, এমন একটি এফবিসিসিআই দেখতে চান, যা সব ব্যবসায়ীর প্রকৃত সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং সরকারের নীতিনির্ধারণে বাস্তবভিত্তিক মতামত প্রদান করবে।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, সংগঠনটিকে কার্যকর ও গতিশীল করতে যোগ্য, দূরদর্শী এবং উদ্যমী নেতৃত্ব প্রয়োজন। এফবিসিসিআইয়ের নেতৃত্ব অবশ্যই ব্যবসায়ী সমাজ থেকেই আসা উচিত এবং সংগঠনটি যেন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে, তা নিশ্চিত করা হবে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. আবদুর রহিম খান বক্তব্য দেন।

শেয়ার করুন:-
শেয়ার