ক্যাটাগরি: জাতীয়

চট্টগ্রাম বন্দরে ডিজেল ও জেট ফুয়েল নিয়ে তিনটি জাহাজ

সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে ডিজেল ও জেট ফুয়েল নিয়ে তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এসব জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, সিঙ্গাপুর থেকে আসা এমটি গ্রেট প্রিন্সেস জাহাজটি প্রায় ১১ হাজার মেট্রিক টন জেট ফুয়েল নিয়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে ডলফিন জেটি-৬-এ খালাস শুরু করেছে।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমটি লুসিয়া সোলিস জাহাজটি ৯ এপ্রিল মালয়েশিয়া থেকে রওনা দিয়ে মঙ্গলবার দিবাগত রাত ১১টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজটিতে প্রায় ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল রয়েছে। বর্তমানে লাইটারেজ প্রক্রিয়ায় জ্বালানি খালাস চলছে এবং আজ বুধবার দুপুরে এটি ডলফিন জেটি-৫-এ ভেড়ার কথা রয়েছে।

বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা বলেন, ডেনমার্কের পতাকাবাহী এমটি টর্ম দামিনি জাহাজটি প্রায় ৩২ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে মঙ্গলবার রাত থেকে বহির্নোঙরে জ্বালানি খালাস করছে। জাহাজটি আজ বুধবার ডলফিন জেটি-৬-এ পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটি ৯ এপ্রিল মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করেছিল।

বিপিসির কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরের গভীরতাজনিত সমস্যা থাকায় বড় জাহাজ প্রথমে বহির্নোঙরে পৌঁছে কিছু তেল খালাস করে৷ পরে বাকিগুলো জেটিতে ভেড়ানোর পর খালাস করা হয়।

শেয়ার করুন:-
শেয়ার