ক্যাটাগরি: আন্তর্জাতিক

হরমুজ অবরোধ অব্যাহত থাকলে খাদ্য ‘বিপর্যয়ের’ মুখে পড়বে বিশ্ব: এফএও

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে রয়েছে। ফলে জ্বালানির পাশাপাশি গুরুত্বপূর্ণ ও অতি দরকারি কৃষিপণ্যবাহী জাহাজ আটকে আছে। এই অবরোধ অব্যাহত থাকলে বিশ্ব খাদ্য ‘বিপর্যয়ের’ মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য সংস্থা (এফএও)।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দেয় ইরান। এরপর গত ছয় সপ্তাহের যুদ্ধে তেহরান নৌপথটি নিয়ন্ত্রণের পাশাপাশি পুরো অঞ্চলজুড়ে অত্যাবশ্যকীয় অবকাঠামোতে আঘাত হানার সক্ষমতা ও ইচ্ছা উভয়ই প্রদর্শন করেছে, যা উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাসভিত্তিক অর্থনীতিকে বিপন্ন করেছে।

এর মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় ‍দুই সপ্তাহের যুদ্ধবিরতি হলেও ইসলামাবাদ আলোচনায় কোনো চুক্তি না হওয়ায় হরমুজ প্রণালীতে নৌ অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। যা গত সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তের লক্ষ্য হলো ইরানের আগে থেকেই পঙ্গু হয়ে থাকা অর্থনীতির ওপর চাপ বাড়ানো।

নতুন করে নৌ অবরোধের পর এ নিয়ে চরম উদ্বেব প্রকাশ করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা। সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরোরো সোমবার এক সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালী অবরোধের কারণে এরই মধ্যে বৈশ্বিক খাদ্যের বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। তিনি জানান, বর্তমানে যে মজুত রয়েছে, তা দিয়ে এই ধাক্কা সামলানোর চেষ্টা চলছে।

তবে শিগগিরই যদি হরমুজ প্রণালী না খোলে পরিস্থিতি নাজুক হয়ে উঠবে। এফএও-এর কৃষি-খাদ্য অর্থনীতি বিভাগের পরিচালক ডেভিড লাবোর্দে বলেন, ‘যদি প্রণালীটি দিয়ে যান চলাচল পুনরায় শুরু না হয়, জ্বালানি ও সারের বাজারে সৃষ্ট ধাক্কার ফলে চলতি বছরের শেষের দিকে পণ্যের খুচরা মূল্য বৃদ্ধি পাবে।

এফএও-এর মতে, প্রধান কৃষি-খাদ্য উপকরণের ২০ থেকে ৪৫ শতাংশ রফতানি হরমুজ প্রণালীর সমুদ্রপথের ওপর নির্ভরশীল। লাবোর্দে বলেন, ‘আমরা একটি উপকরণ সংকটের মধ্যে আছি; আমরা এটিকে একটি বিপর্যয়ে পরিণত করতে চাই না। এর ফলাফল নির্ভর করবে আমাদের গৃহীত পদক্ষেপের ওপর।’

শেয়ার করুন:-
শেয়ার