ক্যাটাগরি: জাতীয়

সেনাবাহিনীর কাছে থেকে ক্ষতিপূরণ পাননি গুম হওয়া আমান আযমী

অপহরণ বা গুম হওয়ার জন্য সেনাবাহিনীর কাছ থেকে ক্ষতিপূরণ পাননি বলে আসামিপক্ষের আইনজীবীর জেরায় জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ সোমবার (১৩ এপ্রিল) সাক্ষী আবদুল্লাহিল আমান আযমীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান। আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাকে জেরা করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ আগস্ট রাতে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে আবদুল্লাহিল আমান আযমীকে অপহরণ করে গুম করা হয়েছিল বলে আগে জবানবন্দিতে জানিয়েছেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত তিনি গুম ছিলেন বলে জানান।

আসামিপক্ষের আইনজীবীর জেরায় সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আযমী বলেন, অপহরণের পর তাকে যে কক্ষে বন্দী করে রাখা হয়েছিল, তার বর্ণনা তিনি কোর্ট অব ইনকোয়ারিতে দিয়েছেন। সেই কক্ষে ২০২৩ সালের ৬ জুন তিনি গুরুতর সুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকের পরামর্শে ২০২৩ সালের ৮ জুন ওই কক্ষে এসি (শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র) স্থাপন করা হয়। এর আগে প্রায় সাত বছর তিনি এসিবিহীন কক্ষে ছিলেন। তারা বলতেন, ‘আপনাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।’

জেআইসিতে গুম করে রাখার এই মামলায় ১৩ আসামির মধ্যে ৩ জন গ্রেপ্তার আছেন। তারা হলেন ডিজিএফআইয়ের সাবেক তিন পরিচালক-মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলার বাকি ১০ আসামি পলাতক। তাদের মধ্যে আছেন ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল (অব.) হামিদুল হক।

পলাতক আসামিদের মধ্যে আরো আছেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক। এ ছাড়া পলাতক আসামিদের মধ্যে রয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

শেয়ার করুন:-
শেয়ার