ক্যাটাগরি: অর্থনীতি

জিডিপি নিয়ে তথ্য-উপাত্তের কোনো ভুল গালগল্প চলবে না

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সঠিক তথ্য তুলে ধরা হবে। আমাদের সরকারপ্রধান নির্দেশ দিয়েছেন, কোনো তথ্য-উপাত্তের ভুল গালগল্প চলবে না। মানুষের তৈরি করা গালগল্প সরকার উপস্থাপন করবে না। বিকাশমান অর্থনীতির জন্য সঠিক তথ্য খুব গুরুত্বপূর্ণ।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওস্থ বিবিএস অডিটোরিয়ামে ত্রৈমাসিক জিডিপি ও জেলা ভিত্তিক জিডিপি উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো: ফরহাদ সিদ্দিক, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), বিবিএসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার ও ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের যুগ্মপরিচালক ও প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। পাওয়ার পয়েন্ট তুলে ধরেন ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের উপ-পরিচালক তোফায়েল আহমদ। মুক্ত আলোচনায় সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ আতিকুল কবীর।

এ সময় প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, আমরা অতীতে সমালোচনা করেছি যে জিডিপির সাথে কর্মসংস্থান ও বিনিয়োগ মেলে না। এই অবস্থায় পড়তে চাই না।

রাজস্ব বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, নেট বাড়িয়ে, রেট কামিয়ে রাজস্ব বাড়ানো যায়। এটা নিয়ে বিতর্ক চাই না। বর্তমান সরকার নির্দেশ দিয়েছে, অপতথ্য বা ভুল ডাটা প্রকাশ করা যাবে না। আমরা সঠিক তথ্য প্রকাশ করতে চাই।

সঠিক তথ্য-উপাত্তের প্রয়োজনীয়তা উল্লেখ করে জোনায়েদ সাকি জানান, দেশের প্রকৃত উন্নয়ন এবং অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহ করা অত্যন্ত জরুরি।

তিনি তথ্যকে শক্তি হিসেবে অভিহিত করে বলেন, সঠিক তথ্যের অভাবে ভুল তথ্য বা অপপ্রচার প্রাধান্য পেতে পারে।

প্রতিটি সরকারি বিভাগের উপাত্ত সংগ্রহের সক্ষমতা বাড়ানোর প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

কৃষি ও ছদ্মবেকারত্ব সংশ্লিষ্ট তথ্যের বিভ্রান্তি উল্লেখ করে প্রতিমন্ত্রী সাকি জানান, পরিসংখ্যানে কৃষি খাতে কর্মসংস্থান বাড়ার কথা বলা হলেও অনেক ক্ষেত্রে এটি ছদ্মবেকারত্ব হতে পারে। সঠিক উপাত্তের মাধ্যমেই কেবল বোঝা সম্ভব যে মানুষ আসলে কত কর্মঘণ্টা কাজ করছে এবং তারা প্রকৃত অর্থে বেকার কি না।

তার মতে, সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা এবং কোন খাতে বেশি গুরুত্ব দিতে হবে, তা নির্ধারণের জন্য সঠিক উপাত্তের ওপর নির্ভর করা অপরিহার্য। বেশি গণসংলাপ বা জনগণের সাথে আলোচনার আয়োজন করা প্রয়োজন। যাতে সরকারের জবাবদিহি নিশ্চিত হয়। পরিসংখ্যান ব্যুরো এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগকে আরো শক্তিশালী ও পেশাদার করার আশাবাদ ব্যক্ত করেন।

আলেয়া আক্তার বলেন, আমরা কজন আমাদের জন্মের সঠিক তথ্য দিচ্ছি? আমরাই যেহেতু সঠিক তথ্য দিচ্ছি না, তাই সঠিক ডাটা পাওয়াও কঠিন।

শেয়ার করুন:-
শেয়ার