ক্যাটাগরি: পুঁজিবাজার

চীনা বিনিয়োগ বাড়াতে ডিএসই-সিইএবি বৈঠক, যৌথ সহযোগিতায় জোর

চীনা কোম্পানিগুলোর সংগঠন চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এ বৈঠকে সিইএবি’র ১৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট মা বেন। বৈঠকের শুরুতে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং দেশের পুঁজিবাজার উন্নয়ন ও আধুনিকায়নে চলমান উদ্যোগ তুলে ধরেন।

তিনি বলেন, পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি উন্নয়নে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে এবং চীনা কোম্পানিগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার মাধ্যমে যৌথ লক্ষ্য অর্জনে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাজারকে আরও বিনিয়োগবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

নুজহাত আনোয়ার আশা প্রকাশ করেন, নিয়মিত সংলাপের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনায় চীন একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভূমিকা রাখবে। তিনি আরও জানান, আগ্রহী কোম্পানিগুলোকে তালিকাভুক্তি ও বিনিয়োগ প্রক্রিয়ায় ডিএসই সরাসরি সহায়তা দেবে।

এ বৈঠককে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে উল্লেখ করে সিইএবি’র ভাইস প্রেসিডেন্ট মা বেন বলেন, এর মাধ্যমে ভবিষ্যতে আরও গভীর সহযোগিতার পথ উন্মুক্ত হবে। তিনি জানান, বর্তমানে সিইএবি’র সদস্য সংখ্যা ২৫০-এর বেশি এবং তারা বাণিজ্য, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, জ্বালানি ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন, সেতু, টানেল, এক্সপ্রেসওয়ে এবং যোগাযোগ অবকাঠামো উন্নয়নে চীনা কোম্পানিগুলোর অবদানের কথাও তুলে ধরেন। পাশাপাশি ২০২৬ সালে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ডিএসই’র বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন সহকারী জেনারেল ম্যানেজার কামরুন নাহার। এছাড়া ডিএসই’র পক্ষে প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা মো. আদিব হোসেন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে সিইএবি’র প্রতিনিধিদলে হুয়াওয়ে, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং, চায়না রেলওয়ে ফার্স্ট ইঞ্জিনিয়ারিং ব্যুরো, ভিভোসহ বিভিন্ন খাতের শীর্ষ চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠক শেষে প্রতিনিধিদল ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হল ও ট্রেনিং একাডেমি পরিদর্শন করেন।

শেয়ার করুন:-
শেয়ার