পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসি ও ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবঅর্ডিনেটেড বন্ডের সম্মতিপত্রের মেয়াদ সর্বশেষবারের মতো বাড়ানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) কমিশনের ১০০৭তম সভায়, সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিএসইসি জানায়, যমুনা ব্যাংক পিএলসি-এর ৮০০ কোটি টাকার নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুলি রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ডের সম্মতিপত্রের মেয়াদ বাড়িয়ে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে মূল সম্মতিপত্রের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
একইভাবে, ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ৫০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড (বন্ড-৮)-এর সম্মতিপত্রের মেয়াদও বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত করা হয়েছে। এ বন্ডের ক্ষেত্রেও পূর্বের সব শর্ত অপরিবর্তিত থাকবে।
নিয়ন্ত্রক সংস্থার মতে, উভয় ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে এই সময়সীমা শেষবারের মতো বাড়ানো হয়েছে।