ক্যাটাগরি: আন্তর্জাতিক

হরমুজ প্রণালি খোলার প্রস্তাব প্রত্যাখ্যান, পাকিস্তানের শান্তি পরিকল্পনা স্থগিত

সাময়িক যুদ্ধবিরতির বিনিময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ফের খোলার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান।

তেহরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ওয়াশিংটন একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয় বলে মনে করছে ইরান। তাই কেবল সাময়িক কোনো চুক্তির ভিত্তিতে তারা এই গুরুত্বপূর্ণ জলপথের অবরোধ তুলে নেবে না।

সম্প্রতি হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা নিরসনে পাকিস্তান একটি দুই ধাপের শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে। পরিকল্পনার মূল লক্ষ্য হলো দ্রুত শত্রুতা বন্ধ করা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান এই রুট সচল রাখা। প্রথম ধাপে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা এবং দ্বিতীয় ধাপে পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌঁছানোর কার্যক্রম রয়েছে।

পাকিস্তানের এই প্রস্তাব ইরান এবং যুক্তরাষ্ট্র—উভয় পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। রয়টার্স সূত্রে জানা গেছে, আজই চুক্তির প্রাথমিক বিষয়গুলো চূড়ান্ত করে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা ছিল। পাকিস্তান এই আলোচনায় একমাত্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন যে তারা প্রস্তাবটি পেয়েছেন এবং তা পর্যালোচনা করছেন। তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কোনো নির্দিষ্ট সময়সীমা বা চাপের মুখে তারা সিদ্ধান্ত নিতে রাজি নয়। সম্ভাব্য চুক্তির মূল ভিত্তি হওয়ার কথা ছিল— ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকবে এবং বিনিময়ে ইরানের ওপর আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠানো হবে, বিদেশে জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত হবে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্র স্থায়ী সমাধানের চেয়ে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত রাখতে বেশি আগ্রহী। ওয়াশিংটনের স্থায়ী যুদ্ধবিরতি নেওয়ার সদিচ্ছার অভাবের কারণে হরমুজ প্রণালি খোলার সম্ভাবনা আপাতত ক্ষীণ।

বিশ্বের মোট খনিজ তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তাই এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন:-
শেয়ার