প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রযাত্রায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আইএফআইসি ব্যাংক বিভিন্ন পর্যায়ের ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করেছে। পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা এবং ধারাবাহিক কর্মসাফল্যের স্বীকৃতি হিসেবে এই পদোন্নতি দেওয়া হয়।
বুধবার (১ এপ্রিল) রাজধানীর আইএফআইসি টাওয়ারে “সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন” শীর্ষক পদোন্নতি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সরাসরি ১৯ জন কর্মকর্তার হাতে পদোন্নতি পত্র হস্তান্তর করেন। এছাড়া দেশের বিভিন্ন শাখা ও উপশাখায় ভার্চুয়ালি আরও ৪০ জন কর্মকর্তার কাছে পদোন্নতি পত্র হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রতিষ্ঠানের অগ্রগতির পেছনে দক্ষ ও নিবেদিতপ্রাণ জনবলই সবচেয়ে বড় শক্তি। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, নতুন দায়িত্বে কর্মকর্তারা আরও বিচক্ষণ সিদ্ধান্তগ্রহণ, দায়িত্ববোধ এবং সেবামুখী মনোভাবের মাধ্যমে ব্যাংকের কার্যক্রমকে আরও শক্তিশালী করবেন এবং গ্রাহকদের জন্য উন্নততর সেবা নিশ্চিত করবেন।
উল্লেখ্য, কর্মদক্ষতা ও মেধাভিত্তিক মূল্যায়নের অংশ হিসেবে চলতি বছরের এপ্রিল পর্যন্ত আইএফআইসি ব্যাংক মোট ৩৩৪ জন কর্মকর্তাকে বিভিন্ন পদে পদোন্নতি দিয়েছে। এ ধরনের উদ্যোগ প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক অবস্থান আরও সুসংহত করতে সহায়তা করছে।