বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী (ইউএনআরসি) ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে হওয়া সাক্ষাতে প্রতিমন্ত্রী বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি অফিস ও বিভিন্ন সংস্থার কার্যক্রমের প্রশংসা করেন, বিশেষ করে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের ভূমিকার কথা উল্লেখ করেন।
তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করার নিজের অভিজ্ঞতাও তুলে ধরেন। প্রতিমন্ত্রী সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের পর জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো চিঠির কথা স্মরণ করেন এবং নতুন সরকারের লক্ষ্য বাস্তবায়নে জাতিসংঘের অব্যাহত সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
২০২৫ সালে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন নতুন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি এ বিষয়ে বহুপাক্ষিক উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখতে অর্থায়ন নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন।
এ সময় ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়া বাংলাদেশের প্রতি জাতিসংঘের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সরকারের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করার আশ্বাস দেন। তিনি নারী ক্ষমতায়ন, লিঙ্গ সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে জাতিসংঘের কার্যক্রম অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী এসব অগ্রাধিকার বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে, ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন।