জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, আগামী অর্থবছর থেকে সারা বছরব্যাপী অনলাইনে রিটার্ন দাখিল করা। তিনি বলেন, বর্তমানে আয়কর দিবস ৩০ নভেম্বর। এ সময়ের মধ্যে করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) এনবিআরের প্রাক বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামীতে এ ধরনের আয়কর দিবস থাকবে না। আয়কর রিটার্ন দাখিলে আমরা চারটি প্রান্ত নির্ধারণ করে দিব। এরমধ্যে যেসব আয়করদাতা প্রথম প্রান্তিকে রিটার্ন দাখিল করবেন তাদের জন্য করছাড় সুবিধা থাকবে।
এরপর দ্বিতীয় প্রান্তিকে যারা রিটার্ন দাখিল করবেন তারা নিয়মিত করদাতা হিসাবে বিবেচিত হবেন। তৃতীয় প্রান্তিকে যারা রিটার্ন দাখিল করবেন তারা কিছুটা বেশি টেক্স দিবেন। এরপর শেষপ্রান্তিকে রিটার্ন দাখিলকারীকে আরও একটু বেশি টেক্স দিতে হবে। এখন করদাতারাই সিদ্ধান্ত নিবেন তিনি কোন প্রান্তিকে রিটার্ন দাখিল করবেন।
চলতি আয়কর বর্ষে রিটার্ন দাখিলে আজই শেষদিন উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন,এখন পর্যন্ত ৪২ লাখ মানুষ আয়কর রিটার্ন জমা দিয়েছেন। ইতোমধ্যে ২০ হাজারের মত আয়করদাতা সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন।
অনলাইনে সময়ের আবেদন বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। আইন অনুযায়ী, সংশ্লিষ্ট কর অঞ্চলের কর্মকর্তা ৯০ দিন পর্যন্ত সময় আবেদন মঞ্জুর করতে পারেন। সে অনুযায়ী যদি তিনি আবেদন অনুমোদন করেন তাহলে আগামী ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন।
তিনি বলেন, সুশাসন নিশ্চিত করা গেলে রাজস্ব বাড়বে। এজন্য লিকেজ দূর করা হবে। কর ফাঁকিবাজদের চিহ্নিত করা হচ্ছে। গত বছরের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারীতে ২৮ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে বলেও জানান তিনি।