নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলাবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পিন্টু শেখ (৫৫) নামে এক ব্যক্তির কাছ থেকে ৯টি ব্যারেলে রাখা ১ হাজার ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও মো. জিন্নাতুল ইসলাম বলেন, ‘জব্দকৃত মোট ৭ হাজার ৪০০ লিটার ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চালু থাকবে এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’