ক্যাটাগরি: জাতীয়

আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

আগামী ৭ এপ্রিল দুই দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই কোনো বাংলাদেশি মন্ত্রীর প্রথম ভারত সফর।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সফর কেবল দ্বিপক্ষীয় সম্পর্কের দিক থেকেই নয়, আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ। সফরের অংশ হিসেবে তিনি পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নেবেন। দিল্লি হয়ে তাঁর মরিশাস যাওয়ার পরিকল্পনা রয়েছে। সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তাঁর সঙ্গে থাকবেন।

সফরের প্রথম দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারত সরকারের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকের সঙ্গে সাক্ষাতের বিষয়েও আলোচনা চলছে।

সূত্র জানায়, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদ্বীপ সিং পুরির সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়েও দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান গতিপ্রকৃতি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেবে। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক সহযোগিতা—এসব বিষয়ে আলোচনার সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন:-
শেয়ার