ক্যাটাগরি: আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পেল মালয়েশিয়ার জাহাজ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে ইরান মালয়েশিয়ার জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন দেশটির নেতা।

বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, তেহরান কর্তৃক কার্যকরভাবে বন্ধ করে রাখা এই জলপথ দিয়ে মালয়েশিয়ার জাহাজগুলোকে ‘আগাম ছাড়পত্র’ দেওয়ায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী আনোয়ার বলেছেন, ‘আমরা মালয়েশিয়ার তেল ট্যাংকারগুলো এবং এর কর্মীদের মুক্ত করার বিষয়টি নিশ্চিত করছি, যাতে তারা তাদের বাড়ি ফেরার যাত্রা অব্যাহত রাখতে পারে।’ কতগুলো জাহাজ প্রণালিটি পার হয়েছে অথবা কী শর্তে জাহাজগুলোকে নিরাপদ যাত্রার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল, প্রধানমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

প্রধানমন্ত্রী আনোয়ার বলেন, জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় মালয়েশিয়া ক্ষতিগ্রস্ত হলেও রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কম্পানি পেট্রোনাসের সক্ষমতার কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছে।

বিশ্বের অন্যতম শীর্ষ এলএনজি সরবরাহকারী হিসেবে মালয়েশিয়া একটি নিট জ্বালানি রপ্তানিকারক দেশ, কিন্তু দেশটি তার প্রায় ৭০ শতাংশ অপরিশোধিত তেল উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করে।

আনোয়ার বলেছেন, তার সরকার জ্বালানি সাশ্রয়ের জন্য একাধিক পদক্ষেপ নেবে। যার মধ্যে রয়েছে, ভর্তুকিযুক্ত পেট্রলের ব্যক্তিগত মাসিক কোটা কমানো এবং ধীরে ধীরে ও বাছাই করে সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজের ব্যবস্থায় নেওয়া।

আনোয়ার বলেন, ‘খাদ্য সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। দাম অবশ্যই বাড়বে। সারের ক্ষেত্রেও একই কথা এবং অবশ্যই তেল ও গ্যাসের ক্ষেত্রেও একই কথা। সুতরাং আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে।
এমন অনেক দেশ আছে, যাদের ওপর এর প্রভাব আমাদের চেয়ে অনেক বেশি ভয়াবহ, কিন্তু তার মানে এই নয় যে আমরা পুরোপুরি রক্ষা পেয়েছি।’

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন:-
শেয়ার