হরমুজ প্রণালি ঘিরে চলমান সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষ্যে ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস ইরানসহ বিভিন্ন আঞ্চলিক শক্তির সঙ্গে আলোচনা করেছেন। খবর আলজািজিরার।
রয়টার্সের বরাতে জানা যায়, রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপ করেন কালাস। পাশাপাশি তুরস্ক, কাতার ও দক্ষিণ কোরিয়ার সঙ্গেও তিনি পৃথকভাবে কথা বলেন।
একজন ইইউ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, চলমান সংকটের মধ্যে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতেই এসব আলোচনা করা হয়েছে।
ফোনালাপে চলমান যুদ্ধ পরিস্থিতি, জ্বালানি অবকাঠামোর ওপর হামলা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ওপর বাড়তে থাকা আন্তর্জাতিক চাপ নিয়ে আলোচনা হয়। এর আগে গত বুধবারও কালাস আরাগচির সঙ্গে একই বিষয় নিয়ে কথা বলেছিলেন।
ইইউ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর ওপর নতুন করে হামলার হুমকি মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে কোটি মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে।