কুমিল্লায় পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় শোকাহত, মর্মাহত কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে অবস্থান করায় তিনি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে ফোনে কথা বলেন। ঘটনাস্থলে যাওয়ার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান তিনি। স্বাস্থ্য পরীক্ষা শেষ হলে দ্রুতই দেশে ফিরবেন এই এমপি।
রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে হোয়াটসঅ্যাপে রেলমন্ত্রীকে ফোন করেন মনিরুল হক। তাদের কথোপকথনের একটি ভিডিও পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন এই এমপি। ভিডিওতে দেখা যায়, পুরো সময়জুড়েই আবেগাপ্লুত ছিলেন তিনি।
রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে কথা বলার সময় কান্নাজড়িত কণ্ঠে এমপি বলেন, গত ১০০ বছর ধরে এ ধরনের ঘটনা ঘটছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। আমি সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু কাজ সম্পন্ন করতে পারিনি।
তিনি আরও অভিযোগ করেন, পদুয়ার বাজার রেলক্রসিংয়ের ব্যারিকেড নির্মাণে বরাদ্দ অর্থ অতীতে অপচয় হয়েছে।
এ সময় রেলমন্ত্রী শেখ রবিউল আলম তাকে আশ্বস্ত করে বলেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
মনিরুল হক বলেন, এই লাশ দেখতে দেখতে আমি বৃদ্ধ হয়ে গেছি। আপনি একটু গিয়ে দেখেন, আমি দেশে ফিরে দ্রুত সেখানে যাওয়ার চেষ্টা করব।
শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে পদুয়ার বাজার এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে।