ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়নি। তবে কোনো কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মো. হানিফ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবহন সংগঠনগুলো জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাজধানীর গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোতে যৌথভাবে সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট ও চাঁদামুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রতিটি টার্মিনালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ ক্যাম্প বসানো হয়েছে। এছাড়া বিশৃঙ্খলা এড়াতে মালিক-শ্রমিকদের উদ্যোগে স্বেচ্ছাসেবকও নিয়োগ দেওয়া হয়।
সংগঠনগুলোর দাবি, কোথাও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়নি। তবে কোনো কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ধরনের এক ঘটনায় একজন কাউন্টার ম্যানেজারকে গ্রেফতার করে শাস্তিও দেওয়া হয়েছে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরিবহন খাতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ‘বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি’র নামে একটি কথিত সংগঠনের পক্ষ থেকে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। সংগঠনটির একজন ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ছড়াচ্ছেন বলে দাবি করা হয়।
এ ধরনের ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, যাত্রী কল্যাণ সমিতির নামে কোনো দৃশ্যমান জনসচেতনতামূলক কার্যক্রম চোখে পড়েনি এবং এটিকে একটি ‘ভুঁইফোড় সংগঠন’ বলেও উল্লেখ করা হয়।