ক্যাটাগরি: অন্যান্য

জুনের শেষেই চালু হচ্ছে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী

সরকারের জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে আগামী জুন মাসের শেষ নাগাদ সারাদেশে কৃষক কার্ড এবং পাইলট প্রকল্পের আওতায় ‘হেলথ কার্ড’ বিতরণ শুরু হতে যাচ্ছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুঃস্থ ও গরিবদের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাস্থ্য ও কৃষি খাতে আমূল পরিবর্তন আনা হচ্ছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেওয়া হচ্ছে। এছাড়া সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিটি ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশের ন্যায় বেলাবো ও মনোহরদী উপজেলাকে মাদক ও দুর্নীতিমুক্ত করা হবে। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করেছেন; পর্যায়ক্রমে দেশের সব যোগ্য পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। স্বাধীনতাবিরোধী শক্তি ব্যতীত দেশের সব নাগরিক সরকারের সব সুযোগ-সুবিধার অংশীদার হবেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মোট ১৯৩ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ ২ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮৬ হাজার টাকা বিতরণ করা হয়।

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমান উল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ভূঞা এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার